সিলেটে বিএনপি নেতাদের তোপের মুখে মোকাব্বির
সিলেটে একটি অনুষ্ঠানে এসে বিএনপি নেতাদের তোপের মুখে পড়তে হল গণফোরামের সংসদ সদস্য মোকাব্বির খানকে।
বৃহস্পতিবার দুপুরে নগরীর জেলা পরিষদ মিলনায়তনে ‘শান্তি প্রতিষ্ঠা ও সরকারি সেবাসমূহের মানোন্নয়ন শীর্ষক অভিজ্ঞতা বিনিময়’ শীর্ষক ওই অনুষ্ঠানটি আয়োজন করে বেসরকারি উন্নয়ন সংস্থা আইডিয়া।
সিলেট-২ আসনের সংসদ সদস্য মোকাব্বিরের উপস্থিতিতে বিএনপি নেতারা হৈ চৈ শুরু করলে সংক্ষিপ্ত বক্তব্য রেখে অনুষ্ঠানস্থল ছেড়ে যান তিনি।
বিএনপি নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট থেকে মোকাব্বির খান একাদশ সংসদ নির্বাচনে বিজয়ী হওয়ার পর দল ও জোটের সিদ্ধান্তের বিপরীতে গিয়ে সম্প্রতি শপথ নেন। ফলে মোকাব্বিরের প্রতি রয়েছে বিএনপি নেতা-কর্মীদের ক্ষোভ।
মোকাব্বিরকে অনুষ্ঠানস্থলে দেখে সিলেটের সভাটি বয়কট করেন আমন্ত্রিত বিএনপি নেতারা। মহিলা দলের নেতারা ক্ষোভ প্রকাশ করেন, কেউ কেউ মোকাব্বিরকে উদ্দেশ করে কটূ মন্তব্যও করেন।
বিএনপি নেতাদের মধ্যে ওই অনুষ্ঠানে ছিলেন সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ।
নাসিম হোসাইন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা জানতাম না ওই অনুষ্ঠানে মোকাব্বির খান আসবেন। তাই মোকাব্বির আসতেই আমরা অনুষ্ঠানস্থল থেকে বেরিয়ে আসি।”
হট্টগোলের প্রসঙ্গে তিনি বলেন, “মহিলা দলের নেত্রীরা কিছু প্রতিক্রিয়া দেখান। পরে মোকাব্বির খান চলে গেলে আমরা আবার অনুষ্ঠানে যোগ দিই।”
বিএনপি নেতাদের আপত্তি ও ক্ষোভ দেখে আয়োজকরা মোকাব্বির খানকে বক্তব্য সংক্ষিপ্ত করে অনুষ্ঠানস্থল ত্যাগের অনুরোধ জানান।
অনুষ্ঠানে অংশ নেওয়া জেলা আওয়ামী লীগের সহ সভাপতি মাসুক উদ্দিন আহমদ জানান, “মোকাব্বির খান অনুষ্ঠানে যোগ দেওয়া বিএনপি নেতারা আপত্তি জানিয়ে বাইরে চলে যান। পরে বক্তব্য দিয়েই মোকাব্বির খান চলে যান।”
আইডিয়া’র নির্বাহী পরিচালক নাজমুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা এই আয়োজনে সিলেটর সব সাংসদকেই আমন্ত্রণ জানিয়েছিলাম। তাদের মধ্যে কেবল মোকাব্বির খান উপস্থিত হন।
“তিনি আসায় বিএনপি নেতারা ক্ষুব্ধ হয়ে অনুষ্ঠানস্থল থেকে চলে যান। পরে আমাদের অনুরোধে পাঁচ মিনিট পর মোকাব্বির খান চলে গেলে আবার বিএনপি নেতারা ফিরে আসেন।”
