কুষ্টিয়ায় যৌতুক না দেওয়ায় ২ সন্তানের মাকে হত্যার অভিযোগ
কুষ্টিয়ার মিরপুর উপজেলায় দুই সন্তানের এক মাকে যৌতুক না দেওয়ায় হত্যার পর লাশ ঝুলিয়ে রাখার অভিযোগ উঠেছে।
মিরপুর থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল আলিম জানান, শুক্রবার সকালে উপজেলার সুলতানপুর গ্রাম থেকে পুলিশ সানজিদা খাতুন (২৫) নামে এই নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করে।
সানজিদা ওই গ্রামের ট্রাকচালক খোকনের স্ত্রী।
তার বাবা সাইদুল অভিযোগ করেন, সানজিদার শ্বশুরবাড়ির লোকজন দীর্ঘদিন ধরে নানা অজুহাতে তাকে টাকার জন্য চাপ দিয়ে আসছিল। টাকা দিতে অপারগতা জানানোর পর শারীরিক নির্যাতন চালানো হয়।
“শুক্রবার সকালে এক লাখ টাকা আনতে চাপ দেয়। সানজিদা অপারগতা জানালে ক্ষিপ্ত হয়ে তার মাথায় আঘাত করলে সেখানেই তার মৃত্যু হয়। পরে গলায় ওড়না পেঁচিয়ে লাশ ঝুলিয়ে রাখে।”
এই দম্পতির চার বছর ও ১১ মাস বয়সী দুটি সন্তান রয়েছে বলে তিনি জানান।
পরিদর্শক আলিম বলেন, “পুলিশের প্রাথমিক তদন্তে একে আত্মহত্যা বলে মনে হয়নি। লাশের ময়নাতদন্ত শেষে পরবর্তী পদক্ষে নেবে পুলিশ।”
ঘটনার পর নিহত সানজিদার স্বামী খোকন ও শ্বশুর আবুল কালাম পলাতক রয়েছেন বলে জানান পরিদর্শক আলিম। লাশ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
