নারায়ণগঞ্জে জেএমবি সদস্য গ্রেপ্তার
নারায়ণগঞ্জ শহরের লঞ্চঘাট এলাকা থেকে এক জেএমবি সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে বলে র্যাব জানিয়েছে।
র্যাব ১১-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী শামশের উদ্দিন জানান, শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মো. তরিকুল ইসলাম (৩০) জেএমবির দক্ষিণাঞ্চলের প্রধান বলে রবের ভাষ্য। তিনি তারেক, বাপ্পী, সাকিব, নাজমুস সাকিব প্রভৃতি নামেও পরিচিত বলে জানান র্যাব কর্মকর্তা শামশের উদ্দিন।
তিনি বলেন, গ্রেপ্তার করার সময় তার কাছ থেকে বিপুল পরিমাণ উগ্রবাদী বই, লিফলেট, প্রশিক্ষণ ম্যানুয়াল ও একটি চাপাতি উদ্ধার করা হয়েছে।
“তরিকুল ২০০৪ সালে বাগেরহাট জেলার কচুয়া থানার মাধবকাঠি আহমাদিয়া ফাজিল মাদ্রাসা থেকে দাখিল, ২০০৬ সালে খুলনা সিদ্দিকীয়া কামিল মাদ্রাসা থেকে আলিম, ঢাকার মদিনাতুল উলুম বালক কামিল মাদ্রাসা থেকে ২০১০ সালে ফাজিল ও ২০১৩ সালে কামিল পাস করেন। তাছাড়া ২০১১ সালে আহসান উল্লাহ ইউনির্ভাসিটি সায়েন্স অ্যান্ড টেকনোলজি থেকে বিবিএ পাস করেন। এমবিএ অধ্যায়নের সময় থেকে জসিম উদ্দিন রাহমানির বছিলা মসজিদে বয়ান শুনতে যেতেন। সেখান থেকে তার মনে উগ্রবাদী চেতনা জাগ্রত হয়। ওই মসজিদেই তার সঙ্গে তৎকালীন জেএমবি নেতা আব্দুল্লাহ আল মামুনের সঙ্গে তার পরিচয় হয়। মামুন সে সময় জেএমবির দক্ষিণাঞ্চলের প্রধান ছিলেন।”
