লক্ষ্মীপুরে নৌকার প্রচার সভায় গোবর
তৃতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে লক্ষ্মীপুরে নৌকার প্রচার সভায় গোবর ছোড়া হয়েছে।
বুধবার সন্ধ্যায় জেলা শহরের সমসেরাবাদ এলাকার এ ঘটনায় স্থানীয় আওয়ামী লীগে নেতারা নিন্দা জানিয়েছেন।
জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু বৃহস্পতিবার দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বলেন, “বুধবার সন্ধ্যায় জেলা শহরের সমসেরাবাদ এলাকায় সদর উপজেলা পরিষ নির্বাচনে নৌকার চেয়ারম্যান প্রার্থী আবুল কাশেমের পক্ষে প্রচারণা সভা চলছিল।
“সেখানে নেতা-কর্মীদের লক্ষ করে গোবর নিক্ষেপ করা হয়। পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রফিক উল্লাহসহ কয়েকজন নেতার গায়ে গোবর ছুড়ে তাদের লাঞ্ছিত করা হয়েছে।”
পিংকু এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অপরাধীকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। তবে তিনি কোনো অপরাধীর নাম বলেননি।
নৌকার প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী (দোয়াত-কলমের প্রতীক) একেএম সালাহ উদ্দিন টিপুও গোবর ছোড়ার নিন্দা জানিয়েছেন।
বেলা ১টায় লক্ষ্মীপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে টিপু বলেন, “এই নিন্দনীয় কাজে জড়িতদের সর্বোচ্চ শাস্তি দাবি করছি।”
এছাড়া উভয় প্রার্থী পরস্পরের বিরুদ্ধে হুমকি দেওয়ার অভিযোগ তুলে অপরাধীকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।
পুলিশ সুপার আ স ম মাহতাব উদ্দিন বলেন, “গোবর ছোড়ার ঘটনায় অপরাধীকে দ্রুততম সময়ের মধ্যে গ্রেপ্তার করা হবে।”
