২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাবাকে কুপিয়ে হত্যা করল ‘মাদকাসক্ত ছেলে’

শরীয়তপুরের নড়িয়া উপজেলায় বাবাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে ‘মাদকাসক্ত’ ছেলের বিরুদ্ধে। ওই ঘটনায় নিহতের স্ত্রী মারাত্মক জখম হয়েছেন।  

শরীয়তপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Feb 2019, 09:25 PM

Updated : 18 Aug 2022, 04:47 PM

রোববার ভোজেশ্বর ইউনিয়নের আনাখন্ড গ্রামে এ ঘটনা ঘটে।  

নিহত আব্দুর রহিম বেপারী আনাখন্ড গ্রামের বাসিন্দা। তার স্ত্রী আহত পিয়ারা বেগমকে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা নিহত রহিম বেপারীর ছেলে নাইম বেপারীকে (২২) আটক করে পুলিশে দিয়েছে।

ভোজেশ্বর ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ড সদস্য আব্দুস সালাম বেপারী জানান, নাঈম দীর্ঘ দিন ধরে মাদকাসক্ত এবং মানসিক ভারসাম্যহীন। নেশা করে মাঝেমধ্যে পরিবারের লোবজনদের মারধর করত।

স্থানীয়দের বরাত দিয়ে নড়িয়া ওসি মঞ্জুরুল হক আকন্দ বলেন, নাঈমের বাবা মাছ ব্যবসায়ী রহিম বেপারী যশোর থেকে পোনা মাছ ক্রয় করে বিকাল ৫টায় বাড়ি যান। এ সময় ঘরের কাজ করা নিয়ে রহিম বেপারী ও পিয়ারা বেগমের মধ্যে কথা কাটাকাটি হয়।

“হঠাৎ নাঈম রান্নাঘর থেকে বটি নিয়ে তার মাকে এলোপাথারি কুপিয়ে জখম করে। এ সময় রহিম বেপারী এগিয়ে গেলে তাকেও গলা ও পিঠে কুপিয়ে জখম করে। এরপর পায়ের রগ কেটে দেয়। এতে ঘটনাস্থলেই রহিম বেপারী মারা যান।”

রহিম বেপারীর চাচাত ভাই আব্দুল লতিফ বেপারী বলেন, নাঈম দীর্ঘ দিন ধরে মাদকাসক্ত। মাঝেমধ্যে পরিবারের লোকজনদের মারধর করত।