মাদারীপুরে ‘মানসিক ভারসাম্যহীন’ যুবককে কুপিয়ে হত্যা
মাদারীপুরে মানসিক ভারসাম্যহীন এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
জেলার সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. সিরাজুল ইসলাম জানান, মঙ্গলবার ভোরে শহরের ডিসি ব্রিজ এলাকা থেকে সাইফুল সরদারের লাশ তারা উদ্ধার করেন।
সাইফুল (২৫) সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের উত্তর চিরাইপাড়া গ্রামের আজিজ সরদারের ছেলে। তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে পরিবার ও স্থানীয়দের বরাত দিয়ে এ পুলিশ কর্মকর্তা জানান।
তিনি বলেন, ডিসি ব্রিজ এলাকায় একটি লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়ররা থানায় খবর দিলে পুলিশ গিয়ে তা উদ্ধার করে।
“নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে; ছিনতাইকারীরা তাকে হত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।”
লাশ ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদরহাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
