পৌষ বিদায়ের গরুর আড়ং
পদ্মার ধু ধু চর বিশাই মাতুব্বরের ডাঙ্গী, পৌষের শেষ দিনে সেই চরে ঐতিহ্যবাহী গরুর আড়ংয়ে মিলিত হলেন এলাকার ছেলে-বুড়ো সবাই।
গরুর রশি ছেঁড়া খেলা, পিঠাপুলির আয়োজন আর বাদ্য বাজনায় উৎসবের আমেজে কাটলো তাদের একটি বিকেল।
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার চর হরিরামপুর ইউনিয়নে রোববার বার্ষিক এই উৎসবের প্রধান অতিথি ছিলেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মজিবুর রমান চৌধুরী নিক্সন।
দুপুরে বাড়িতে বাড়িতে চলে আপ্যায়ন পর্ব। তারপর গরু বা ষাঁড়কে রঙিন সাজে সাজিয়ে স্বজনদের সঙ্গে নিয়ে দল বেঁধে মাঠে যান সবাই।
রীতি অনুযায়ী, গরুগুলো রশি দিয়ে বেঁধে রাখা হয়। তারপর লাল কাপড় দেখিয়ে তাকে ক্ষেপিয়ে তোলা হয়। গরু রশি ছিঁড়ে দৌড় দিলে সেই ছেঁড়া রশি জমা দিতে হয় বিচারকের কাছে।
ইউপি চেয়ারম্যান আমির খান জানান, বিভিন্ন এলাকা থেকে সুসজ্জিত শতাধিক গরু এবার আড়ংয়ে এসেছিল। প্রতিযোগিতায় বিজয়ী হয়েছে ঢাকার দোহার থেকে আসা আজিজ মোল্লার গরু। পুরস্কার হিসেবে আজিজ পেয়েছেন ২১ ইঞ্চি টেলিভিশন।
আড়ংয়ে আসা তানজিনা আক্তার বলেন, “এই চরের মানুষ খুব গরিব। তাদের জন্য পদ্মার চরে একটি বিনোদনের ব্যবস্থা হয়েছে, এটাই বড় কথা। একটা উৎসবমুখর দিন কাটাতে পারছে সবাই, আমরা সবাই আনন্দিত।”
