২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

মধুমতীর তীরে ‘ম্যানেজ করে’ ইটভাটা

ফরিদপুর ও মাগুরার সীমান্তবর্তী এলাকায় মধুমতীর তীরে কোনো প্রকার অনুমোদন ছাড়াই তিনটি ইটভাটা গড়ে উঠেছে।

ফরিদপুর প্রতিনিধি

মফিজুর রহমান শিপন,

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2019, 02:48 PM

Updated : 10 Oct 2022, 08:50 PM

এসব ভাটার মালিকরা ‘বিভিন্ন জায়গায় ম্যানেজ’ করে ভাটা চালাচ্ছেন বলে স্বীকার করেছেন।

সরেজমিনে মাগুরার মহম্মদপুর উপজেলার রুইজানি ও জাঙ্গালিয়া গ্রামে গিয়ে দেখা গেছে, মেসার্স নদী ব্রিকস, এসটিসি ব্রিকস ও শরীফ ব্রিকস নামে তিনটি ভাটায় বেআইনিভাবে টিনের তৈরি ড্রাম চিমনি ব্যবহার করা হচ্ছে। পোড়ানো হচ্ছে কাঠ। আর ইট তৈরির মাটি নেওয়া হচ্ছে মধুমতী নদীর তীর থেকে।

মাগুরার এই এলাকাটি পড়েছে মধুমতীর পূর্বতীরে, ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সীমান্ত এলাকায়।

ফরিদপুরের জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়া বলেন, “ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ ২০১৩ অনুযায়ী টিনের চিমনি ব্যবহার, কাঠ পোড়ানো, কৃষিজমি বা পাহাড় কাটা নিষিদ্ধ। আর অনুমতি ছাড়া খাল, পুকুর, নদীরপাড় বা চর কাটাও নিষিদ্ধ।”

ওই এলাকার বাসিন্দারা অভিযোগ করেন, প্রতিদিন এসব ভাটায় ট্রাককে ট্রাক ছোট-বড় গাছ পোড়ানো  হচ্ছে। মধুমতী তীর থেকে মাটি কেটে ইট তৈরি করা হচ্ছে। এছাড়া টিনের তৈরি ছোট ড্রাম চিমনি ব্যবহার করায় প্রচুর কালো ধোঁয়ায় গাছপালা ও ফসলি জমির ক্ষতি হচ্ছে। স্বাস্থ্য ঝুঁকিতে পড়েছে এলাকাবাসী।

নদী ব্রিকসের মালিক মিনহাজুল ইসলাম বলেন, “আমরা নতুন শুরু করায় অস্থায়ী ভিত্তিতে ইট পোড়ানোর কাজ করছি। ভবিষ্যতে সব নিয়ম-কানুন মেনে পরিবেশবান্ধব ভাটা করব।”

পরিবেশের ক্ষতি ও কাঠ পোড়ানো প্রসঙ্গে তিনি বলেন, “আমরা বিভিন্ন জায়গা ম্যানেজ করে আপাতত কাজ চালাচ্ছি।”

তার অংশীদার ফয়সাল আহমেদ মাসুদ বলেন, “নিয়ম মেনে ইট ভাটা করা খুব কঠিন। তাই আমরা স্থানীয় প্রশাসনকে ম্যানেজ করেই ভাটা চালাচ্ছি।”

শরীফ ব্রিকসের অংশীদার শরীফুল ইসলাম বলেন, “পরিবেশবান্ধব ১২০ ফুট উঁচু চিমনি তৈরি করতে প্রচুর ইট প্রয়োজন। এ জন্য আমরা নিজেদের তৈরি ইট দিয়েই ভবিষ্যতে পরিবেশবান্ধব চিমনি বানাব।”

অনুমোদন সম্পর্কে তিনি বলেন, “এ মুহুর্তে আমাদের ভাটার কোনো পরিবেশ ছাড়পত্র বা জেলা প্রশাসনের লাইসেন্স নেই। ভবিষ্যতে সবকিছুই পাকাপোক্ত করব।”

এসটিসি ব্রিকসের মালিক জাফর মোল্লা বলেন, “আমাদের কোনো অনুমতি নেই। তবে আগামীতে সরকারের কাছে অনুমতির জন্য আবেদন করব। শুরুতে টিনের তৈরি ড্রাম চিমনি দিয়ে ইট পোড়াচ্ছি। পরে পরিবেশবান্ধব চিমনি করব।”

কাঠ পোড়ানো প্রসঙ্গে তিনি বলেন, “ড্রাম চিমনিতে কাঠ ছাড়া ইট পোড়ানো যায় না।”

এদিকে অনুমোদনহীন এসব ভাটার কাছে বৈধ ভাটামালিকরা মার খাচ্ছেন বলে অভিযোগ উঠেছে।

ফরিদপুর জেলা ইটভাটা মালিক সমিতির সহ-সভাপতি ও বোয়ালমারীর মেসার্স রাজ ব্রিকসের মালিক শ্যামল কুমার সাহা বলেন, “এসব ভাটার সঙ্গে আমরা প্রতিযোগিতায় মার খাচ্ছি।

“অনুমোদনের বালাই না থাকায় ওই ভাটাগুলোকে সরকারি কোনো ভ্যাট-ট্যাক্স পরিশোধ করতে হচ্ছে না। ফলে তারা আমাদের চেয়ে অনেক কম দামে ইট বিক্রি করতে পারছে।”

এ বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ চেয়েছেন ফরিদপুর চেম্বার অব কমার্সের জ্যেষ্ঠ সহ-সভাপতি মো. সিদ্দিকুর রহমান।

ফরিদপুরের জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়া বলেন, “ইটভাটার বিষয়ে আমরা মালিকদের সরকারি নির্দেশ জানিয়ে দিয়েছি। ইতোমধ্যেই অনেকে তা মেনে চলছেন।

“পরিবেশর ক্ষতি হয় এমন কোনো কাজে জেলা প্রশাসনের ছাড় নেই। ফরিদপুর ও মাগুরার সীমান্ত এলাকায় গড়ে ওঠা অবৈধ ভাটার বিষয়ে মাগুরা জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে সর্বোচ্চ পদক্ষেপ নেব।”