গাজীপুরে ভোটের সংঘাতে যুবলীগ কর্মী হত্যার ঘটনায় মামলা, গ্রেপ্তার ৭
গাজীপুরে ভোটের দিন যুবলীগ কর্মী মো. লিয়াকত হোসেন হত্যার ঘটনায় থানায় মামলা হয়েছে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানার ওসি সমির চন্দ্র সূত্রধর জানান, নিহতের বড়ভাই মো. আইয়ুব রানা বাদি হয়ে সোমবার রাতে থানায় মামলাটি দায়ের করেন।
এ ঘটনায় ৩৪ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত পরিচয় আরও ২০-২৫ জনকে আসামি করে মামলার দায়েরের পর রাতেই অভিযান চালিয়ে পুলিশ সাতজনকে গ্রেপ্তার করে বলে ওসি জানান।
গাজীপুর মহানগর আওয়ামী লীগের সদস্য মো. রফিজ উদ্দিন বলেন, শহরের হাড়িনাল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে রোববার দুপুরে ভোট চলাকালীন সময় কেন্দ্রের বাইরে যুবলীগের কর্মীদের উপর একদল যুবক হামলা করে।
“এতে লিয়াকতসহ মো. আশরাফ, খায়রুল ইসলাম ও গণি মিয়া আহত হন। তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর লিয়াকতের মৃত্যু হয়।”
