২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চুয়াডাঙ্গায় যুবদলের সভাপতিকে কুপিয়ে জখম

চুয়াডাঙ্গা জেলা যুবদল সভাপতি শরীফ-উর-জামান সিজারকে কুপিয়ে আহত করেছে অজ্ঞাত হামলাকারীরা।

চুয়াডাঙ্গা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Dec 2018, 12:12 AM

Updated : 19 Aug 2022, 03:02 PM

শনিবার রাতে জেলা শহরের বাগানপাড়ায় এ ঘটনা ঘটে বলে সদর থানার ওসি দেলোয়ার হোসেন খান জানান।

আহত শরীফ-উর-জামান সিজারকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এলাকাবাসীর বরাত দিয়ে ওসি বলেন, রাত ৯টার দিকে নিজ এলাকায় একটি চায়ের দোকানের পাশে বসে ছিলেন তিনি। এ সময় দু-তিনটি মোটরসাইকেলে ৪-৫ জন যুবক এসে মোটরসাইকেল থেকে নেমে সিজারের সাথে কথা বলে।

“কথা বলার এক পর্যায়ে তারা উত্তেজিত কথাবার্তাও বলে এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে সিজারকে আহত করে চলে যায়।”

এলাকাবাসী তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যায়।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মশিউর রহমান জানান, তাকে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়েছে। পিঠে দুটি, হাতে একটি ও বুকে একটি আঘাতের চিহ্ন আছে। তাকে সদর হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

প্রয়োজনে তাকে ঢাকায় পাঠানোর জন্য রেফার করা হতে পারে বলে তিনি জানান।

ওসি দেলোয়ার হোসেন খান আরও জানান, ঘটনাস্থলের চায়ের দোকানদার এবং এলাকাবাসীকে জিজ্ঞাসা করা হয়েছে। হামলাকারীদের কেউ চিনতে পারেনি। খোঁজ-খবর নেওয়া হচ্ছে। হামলাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।