২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মৌলভীবাজারে আগুন দিয়ে দোকান পোড়ানোর অভিযোগ

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় আগুন দিয়ে একজনের দোকান পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে।

মৌলভীবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Nov 2018, 03:48 PM

Updated : 11 Oct 2022, 12:47 PM

শ্রীমঙ্গল শহরতলির সিন্দুরখান রোডের নির্মল পাল অভিযোগ করেন, সোমবার ভোরে সিন্দুরখান রোডে তার নির্মলা স্টোরে পরিকল্পিতভাবে এই আগুন দেওয়া হয়।

দোকানের পেছনের একটি ভেন্টিলেটর ভেঙে সেখান দিয়ে ভেতরে আগুন দেওয়া হয় বলে তার অভিযোগ।

দোকানের সব মালপত্র পুড়ে তিনি নিঃস্ব হয়েছেন জানিয়ে বলেন, কয়েক দিন আগে দোকানের জন্য কিস্তিতে একটি ফ্রিজ কেনেন। এরপর ক্রেতা বাড়ে।

“হঠাৎ দোকানে হানা দেয় চোর। শনিবার রাতে ভেন্টিলেটর ভেঙে দোকানের থারিয়ার ওপরের কিছু মাল নিয়ে যায় চোর। তা আমি ইট-সিমেন্ট দিয়ে মেরামত করি। আর সোমবার আবার সেই ভেন্টিলেটর ভেঙে আগুন দেওয়া হল।”

আগুনে দোকানের সব মালপত্র পুড়ে তার প্রায় পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে তিনি জানান।

খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নজরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

তিনি বলেন, পুলিশ ঘটনা তদন্ত করছে। ক্ষতি সামলাতে তাকে জেলা প্রশাসক বরাবর সাহায্যের আবেদন করতে বলা হয়েছে।