২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারের সড়কে মা-ছেলেসহ নিহত ৩

ঢাকার সাভার উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী মা-ছেলে ও বাসচাপায় এক পথচারী নারী নিহত হয়েছেন।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Nov 2018, 04:02 PM

Updated : 19 Aug 2022, 02:56 PM

শনিবার আশুলিয়ার নয়ারহাট এলাকায় ঢাকা-আরিচা মহাসড়ক ও মজিদপুর রোডে এ দুটি দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

নিহতরা হলেন মানিকগঞ্জের শিবালয় থানার সোহেল রানার স্ত্রী আফরিন আক্তার, ছেলে আবদুল্লাহ (৫) ও মাহেলা খাতুন (৫৫) নামের এক নারী।

আশুলিয়া থানার এসআই এমদাদুল হক বলেন, রানা মোটরসাইকেলে করে তার স্ত্রী-সন্তান নিয়ে মানিকগঞ্জ থেকে সাভার আসছিলেন। আশুলিয়ার নয়াটহাট এলাকায় পেছন থেকে একটি ট্রাক তাদের চাপা দিলে আফরিন ঘটনাস্থলে নিহত হন। বাবা ও ছেলেকে গণস্বাস্থ্য হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ছেলেকে মৃত ঘোষণা করেন।

পুলিশ চালক বা ট্রাক আটক করতে পারেনি।

আর মাহেলা খাতুন নিহত হন সাভারের মজিদপুর এলাকায় বাসচাপায়।

সাভার থানার এসআই দীপঙ্কর রায় বলেন, মজিদপুর রোডে ইতিহাস পরিবহনের একটি বাস পথচারী মাহেলা খাতুনকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্থানীয়রা ধাওয়া দিয়ে বাসটি আটক করলেও চালক পালিয়ে গেছেন।