২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হরিণের মাথা-শিং জব্দ, ৩ জন দণ্ডিত

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দুটি দোকান থেকে হরিণের শিং ও শিংসহ মাথা জব্দ করে তিন ব্যক্তিকে জেল জরিমানা করেছে র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত।

আবুল হোসেন

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Nov 2018, 11:00 PM

Updated : 11 Oct 2022, 12:46 PM

সোমবার বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট ও র‌্যাব যৌথভাবে এই অভিযান চালায় বলে জানিয়েছেন ওই ইউনিটের পরিদর্শক অসীম মল্লিক।

দণ্ডিতরা হলেন পটুয়াখালীর মো. ইলিয়াস (২৫), শরীয়তপুরের জামাল উদ্দিন (২৯) এবং পুরান ঢাকার মাহমুদ হোসেন।

অসীম মল্লিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সোমবার বিকাল সাড়ে ৪টার দিকে ক্রেতা সেজে র‌্যাব-৩ এর সদস্য এবং বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের পরিদর্শক আব্দুল্লাহ আল সাদিক দোয়েল চত্বরের উত্তরে ‘ইলিয়াস হ্যান্ডিক্রাফট’ এবং ‘বাংলাদেশ হ্যান্ডিক্রাফট’ নামের দুই দোকানে অভিযান চালান।

“এ সময় ওই দুই দোকান থেকে হরিণের তিনটি শিংসহ মাথা এবং আটটি শিং উদ্ধার করা হয়।”

ভ্রাম্যমাণ আদালতের বিচারক র‌্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট গাউসুল আজম দুই দোকানের মালিক ইলিয়াস ও জামালের কাছ থেকে ৫০ হাজার টাকা করে এক লাখ টাকা জরিমানা আদায় করেন বলে অসীম জানান।

“এছাড়া বন্যপ্রাণীর মাথা, শিং, চামড়া সরবরাহের অভিযোগে মাহমুদকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।”

বন বিভাগের বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের পরিচালক মিহির কুমার দো বলেন, ‘বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা-২০১২’ আইনে বন্যপ্রাণীর চামড়া, শিং, মাথা বা খুলি বিক্রি অপরাধজনক কাজ।