২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নরসিংদীতে সংঘর্ষের দুই মামলা, গ্রেপ্তার ১৩

নরসিংদীর রায়পুরা উপজেলার বাঁশগাড়ি ও নিলক্ষায় দুই পক্ষের সংঘর্ষে হতাহতের ঘটনায় অস্ত্র আইনে দুইটি মামলা হয়েছে।

নরসিংদী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Nov 2018, 11:42 PM

Updated : 19 Aug 2022, 02:54 PM

শনিবার পুলিশ সুপারের কার্যলয়ে এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত ডিআইজি আবু কালাম সিদ্দিক বলেন, সংঘর্ষে ঘটনায় এ পর্যন্ত তিন জন নিহত হয়েছে।

শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত রায়পুরার চরাঞ্চল বাঁশগাড়ি ও নিলক্ষায় পৃথক দুটি সংঘর্ষে তিনজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে পুলিশ।   

অতিরিক্ত ডিআইজি জানান, এ দুটি ঘটনায় জড়িত থাকায় অস্ত্র আইনের ১৯-এ ধারায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।

“একটি মামলায় নয় জনকে এবং আরেকটিতে চার জনকে গ্রেপ্তার করা হয়েছে।”

গ্রেপ্তারদের কাছ থেকে নয়টি উন্নত মানের স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র এবং সাত রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে বলে জানান অতিরিক্ত ডিআইজি কালাম।

ঘটনাস্থলে বর্তমানে পুলিশের অস্থায়ী ক্যাম্প স্থাপন করা হয়েছে এবং পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে আছে বলে তিনি জানান।

এদিকে, কয়েকটি গণমাধ্যমে আওয়ামী লীগতে জড়িয়ে সংবাদ প্রকাশ হওয়ার প্রেক্ষিতে দলের পক্ষ থেকে এ ঘটনায় আওয়ামী লীগের কোনো সংশ্লিষ্টতা নেই বলে দাবি করা হয়।

শনিবার বিকালে নরসিংদী জেলা আওয়ামী লীগ কার্যালয়ে সংবাদ সম্মেলনে পানিসম্পদ প্রতিমন্ত্রী ও জেলা আওয়ামী লীগ সভাপতি নজরুল ইসলাম হিরু একথা বলেন।

সংবাদ সম্মেলনে নজরুল ইসলাম বলেন, সংঘর্ষ ও হতাহতের দায় আওয়ামী লীগের নয়। এই দায় আওয়ামী লীগ নেবে না।

“শুধু মাত্র স্থানীয় নেতাকর্মীদের ব্যক্তিগত স্বার্থ হাসিলের জন্য বার বার এই সংঘর্ষের ঘটনা ঘটছে। তবে আর কোনো ছাড় দেওয়া হবে না।

“যারা আওয়ামী লীগের নাম ব্যবহার করে বাড়িঘরে হামালা ল্টা হামলা ও টেঁটা যুদ্ধের ঘটনা ঘটাচ্ছে তাদের বিরুদ্ধে দল থেকে বহিষ্কারসহ দলীয় ব্যবস্থা নেওয়া হবে।”

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মতিন ভূইয়া, দলের সদর উপজেলা সভাপতি সফর আলী ভুইয়া, রায়পুরা উপজেলা সাধারণ সম্পাদক সাদেকুর রহমান, রায়পুরা উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান, শহর সাধারণ সম্পাদক আমজাদ হোসেন বাচ্চু প্রমুখ।