২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চামেলিকে ঢাকায় আনা হয়েছে

জাতীয় মহিলা ক্রিকেট দলের সাবেক খেলোয়াড় অসুস্থ চামেলি খাতুনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনা হয়েছে।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2018, 03:25 PM

Updated : 11 Oct 2022, 12:44 PM

পুরনো খবর:

চামেলির চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী
ক্রিকেটার চামেলির জন্য রাসিক মেয়রের সহায়তা
ক্রিকেটার চামেলি ধুঁকছেন বিছানায়

শুক্রবার দুপুরে বিমানে করে তাকে ঢাকায় আনা হয় বলে রাজশাহী জেলা প্রশাসক এসএম আবদুল কাদের জানান ।

এ সময় বোন, দুলাভাই, ভাবি ও জেলা প্রশাসনের একজন ম্যাজিস্ট্রেট চামেলির সঙ্গে ছিলেন।

এ ছাড়া বাড়ি থেকে বিমানবন্দর নেওয়া পর্যন্ত তাদের সঙ্গে রাজশাহীর একজন আনসার সদস্য ছিলেন।

ঢাকায় আলাদা আরেকজন আনসার সদস্য সার্বক্ষণিক চামেলির সঙ্গে থাকবেন বলে জেলা প্রশাসক জানান।

চিকিৎসকরা জানিয়েছেন, মেরুদণ্ডের ডিস্কগুলো ক্ষতিগ্রস্ত হওয়ায় চামেলির শরীরের ডান পাশ অবশ হয়ে যাচ্ছে। লিগামেন্ট ছিঁড়ে যাওয়াসহ মেরুদণ্ডে হাড়ের ব্যথাও রয়েছে তার। তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

মেরুদণ্ডে শিগগির অস্ত্রোপচার জরুরি। প্রায় এক মাস আগে তাকে ভারতে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। কিন্তু অর্থসঙ্কটে তিনি যেতে পারেননি।

জেলা প্রশাসক আবদুল কাদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা চামেলির চিকিৎসার সমস্ত দায়িত্ব নিয়েছেন। তার নির্দেশনা মোতাবেক চামেলিকে ঢাকায় পাঠানো হয়েছে।

ঢাকায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তাকে পঙ্গ হাসপাতালে নিয়ে যাবে। সেখানে তার শারিরীক অবস্থার পরীক্ষা-নীরিক্ষা করা হবে। দেশে তার চিকিৎসা সম্ভব না হলে বিদেশে পাঠানো হবে বলে জানান তিনি।

বিমানে ওঠার আগে চামেলি বলেন, “আমার কথা হয়তো সবাই ভুলেই গিয়েছিলেন। আমিও সেভাবে কাউকে কিছু জানাতে পারিনি। মিডিয়ার কারণে সবাই জানতে পেরেছেন।

“প্রধানমন্ত্রী আমার দায়িত্ব নিয়েছেন। এখনই মানসিক সুস্থতা অনুভব করছি। শারিরীক সুস্থতাও হয়তো পেয়ে যাব। সম্ভব হলে দেশের হয়ে আবার খেলব।”

চামেলির বাড়ি রাজশাহী নগরীর দরগাপাড়া এলাকায়। ২০১১ সালে জিম করার সময় পায়ের লিগামেন্ট ছিঁড়ে গেলে চামেলি জাতীয় দল থেকে অবসর নেন।

১৯৯৯ থেকে ২০১১ পর্যন্ত জাতীয় নারী ক্রিকেট দলে ছিলেন চামেলি। ২০১০ সালে এশিয়া কাপে রানার আপ বাংলাদেশ দলেও তিনি খেলেছেন।

প্রায় আট বছর আগে জিম করার সময় তিনি কোমরে ব্যথা পান। এরপর থেকে মাঝেমধ্যেই ব্যথা অনুভব হত।

ওষুধ খেয়ে ব্যথা কমিয়ে আনসারের চাকরি চালিয়ে যাচ্ছিলেন। দেড় বছর আগে ঢাকা থেকে বদলি হয়ে রাজশাহী চলে আসেন।

গত ২৫ সেপ্টেম্বর অফিসে কাজ করার সময় ডান হাত আর পায়ে কাঁপুনি উঠে পড়ে যান তিনি। তখন ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়। এখন বাইরে গিয়ে সার্জারির জন্য দরকার কমপক্ষে ১০ লাখ টাকা।

চামেলিকে নিয়ে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশের পর ক্রিকেটার সাকিব আল হাসান, মুসফিকুর রহিম, মুস্তাফিজুর রহমান ও রুবেল হোসেন সাবেক এ ক্রিকেটারের পাশে থাকার ঘোষণা দেন। 

এর আগে মেয়র ও জেলা প্রশাসনের পক্ষ থেকে দুই লাখ টাকা আর্থিক সহায়তাও পান চামেলি।

বুধবার দুপুরে চামেলিকে দেখতে গিয়ে নগদ এক লাখ টাকা অর্থ সহায়তা করেন রাজশাহী সিটি কর্পোরেশরেন মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। এ সময় তিনি উন্নত চিকিৎসার ব্যবস্থা এবং বাড়ি করে দেওয়ার আশ্বাস দেন।