২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাল আমদানি বন্ধের দাবি কল মালিকদের

চাল আমদানি বন্ধ করা ও ব্যাংকের সুদের হার কমানোর দাবি জানিয়েছেন নওগাঁর চালকল মালিকরা।

নওগাঁ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Oct 2018, 11:09 PM

Updated : 19 Aug 2022, 02:42 PM

রোববার জেলা চালকল মালিক গ্রুপের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।

এতে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সভাপতি রফিকুল ইসলাম রফিক।

তিনি বলেন, ভারত থেকে চাল আমদানি এবং ব্যাংকের সুদের হার এখনও দুই ডিজিটে থাকার কারণে ইতিমধ্যে নওগাঁর ১৮শ চালকলের মধ্যে লোকসানের কারণে ৬শটি বন্ধ হয়ে গেছে। আরও প্রায় এক হাজার চালকল বন্ধের পথে।

এ সমস্যা থেকে উত্তরণে জেলা চালকল মালিকরা চাল শিল্পকে বাঁচিয়ে রাখতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন।

তাদের দাবি মানা না হলে ১৫ দিন পর আন্দোলন কর্মসূচি দেওয়া হবে বলেও সংবাদ সন্মেলনে হঁশিয়ার করেন ব্যবসায়ী নেতৃবৃন্দ।

নওগাঁ জেলা চাল কল মালিক গ্রুপের  সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন চকদার বলেন, দেশে পর্যাপ্ত পরিমাণ ধান চালের মজুত আছে। বাইরে থেকে চাল আমদানির কোনো প্রয়োজন নেই।

“চাল আমদানির কারণে দেশের চালকলগুলো এখন ক্রমাগত লোকশান গুণছে; সেইসাথে কৃষকরাও ধানের নায্যমূল্য থেকে বঞ্চিত হচ্ছেন।”

নওগাঁ চালকল মালিক গ্রুপের সাবেক সভাপতি তৌফিকুল ইসলাম বাবু বলেন, ভারত থেকে চাল আমদানি বন্ধ এবং সকল ব্যাংকের সুদের হার সিঙ্গেল ডিজিটে নামিয়ে  না আনলে বর্তমান পরিস্থিতিতে আন্দোলনের কোনো বিকল্প নেই।

সংবাদ সম্মেলনে নওগাঁ চালকল মালিক গ্রুপের সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন চকদার, সাবেক সভাপতি তৌফিকুল ইসলাম বাবু, চাল ব্যবসায়ী খলিলুর রহমান, মোতালেব হোসেন তারুকদার, আব্দুল জব্বারসহ অর্ধশতাধিক মিল মালিক উপস্থিত ছিলেন। 

সংবাদ সন্মেলন শেষে উল্লেখিত দাবিতে চালকল মালিক গ্রুপ নেতৃবৃন্দ নওগাঁ জেলা প্রশাসকের মাধ্যমে অর্থমন্ত্রী ও বাণিজ্যমন্ত্রী বরাবর স্মারকলিপি জমা দেন।