সিরাজগঞ্জে ট্রাকে পাওয়া ২ লাশের পরিচয় শনাক্ত
সিরাজগঞ্জে ভুট্টা বোঝাই ট্রাক থেকে উদ্ধার হওয়া চালক ও সহকারীর পরিচয় মিলেছে।
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ওসি সৈয়দ শহিদ আলম জানিয়েছেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত করা গেলেও কাউকে এখনও গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
নিহতরা হলেন ট্রাক চালক রংপুর নগরীর ভুরারঘাট ফতেহপুরের রেজাউল করিমের ছেলে আল আমিন (২৪) ও চালকের সহকারী একই এলাকার বিনোদপুর রেলগেট মহল্লার আব্দুল ওয়াহাবের ছেলে সোহেল (২৫)।
ওসি আরও বলেন, নিহতের স্বজনদের সঙ্গে কথা বলে এবং প্রাথমিক তদন্তে পূর্ব শক্রতার কারণে এ হত্যাকাণ্ড হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
এ ঘটনায় সোমবার রাতে নিহত আল আমিনের ছোট ভাই আনিছুর রহমান বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। মামলায় দুইজনকে আসামি করা হয়েছে।
তবে তদন্তের স্বার্থে আসামিদের নাম জানাতে রাজি না হলেও তাদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে বলে জানিয়েছেন ওসি।
ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানান ওসি।
শনিবার বিকালে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলা থেকে ভুট্টা বোঝাই ট্রাক নিয়ে নরসিংদী রওনা দেন চালক আল আমিন ও হেলপার সোহেল। এর দুইদিন পর সোমবার দুপুরে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের মুলিবাড়ি চেকপোস্ট এলাকা থেকে ওই ট্রাকটি জব্দ এবং চালক ও হেলপারের লাশ উদ্ধার করে পুলিশ।
