নারায়ণগঞ্জ ছাত্রদল সভাপতি রনি রিমান্ডে
নারায়ণগঞ্জ জেলা ছাত্রদল সভাপতি মশিউর রহমান রনিকে অস্ত্র মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের হেফাজতে নেওয়ার আদেশ দিয়েছে আদালত।
সোমবার নারায়ণগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম মাহমুদুল মোহসীন এ আদেশ দেন।
নিখোঁজের দুদিন পর সোমবার রনিকে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয় বলে পুলিশের দাবি।তবে পরিবারের অভিযোগ, শনিবার রাতে তাকে ডিবি পরিচয়ে তুলে নেওয়া হয়েছে।
নারায়ণগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক হাবিবুর রহমান বলেন, বিকালে মাহমুদুল মোহসীনের আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিন হেফাজতের (রিমান্ড) আবেদন জানানো হয়। শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করে।
এর আগে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, সোমবার ভোরে দাপা ইদ্রাকপুর এলাকায় সাহারা সিটি সেন্টারের সামনে ফতুল্লা থানার পুলিশ টহল দেওয়ার সময় তিন লোককে সন্দেহবশত চ্যালেঞ্জ করে। তারা দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলেও রনি আটক হন।
“রনির শরীর তল্লাশি করে তিনটি গুলিসহ একটি বিদেশি পিস্তল পাওয়া গেছে। নিখোঁজের খবর পাওয়ার পর থেকে পুলিশ তাকে খুঁজছিল। তিনি হয়ত ইচ্ছেকৃতভাবে লুকিয়ে ছিলেন। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।”
রনির বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় নাশকতা ও বিস্ফোরকদ্রব্য বিষয়ে সাত-আটটি মামলা রয়েছে বলে তিনি জানান।
এদিকে রনির পরিবার অভিযোগ করে আসছে, শনিবার রাত সাড়ে ১০টার দিকে রাজধানী ঢাকার পল্টন এলাকা থেকে রনিকে ডিবি পুলিশ পরিচয়ে তুলে নেওয়া হয়।
পুলিশ এ অভিযোগ অস্বীকার করেছে।
