গাজীপুরে ‘মাদক ব্যবসায়ী’ খুন
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় এক ‘মাদক ব্যবসায়ীকে’ কুপিয়ে হত্যা করা হয়েছে।
কালিয়াকৈর থানার ওসি মো. রফিকুল ইসলাম জানান, শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে সফিপুর-আন্ধার মানিক সড়কে পেঁপেবাগান এলাকায় হত্যাকাণ্ডের এ ঘটনা ঘটে।
নিহত উজ্জল হোসেন (২৫) ওই এলাকার লস্করচালা গ্রামে ভাড়া বাসায় থেকে মাদক কেনাবেচা করতেন বলে পুলিশের ধারণা।
কালিয়াকৈর থানার এসআই মো. সেলিম রেজা এলাকাবাসীর বরাতে বলেন, “রাতে দুই দল মাদক ব্যবসায়ীর মধ্যে মাদক বিক্রির টাকা ভাগাভাগি নিয়ে দ্বন্দ্ব বাধে।
“পরে প্রতিপক্ষ তাকে অন্ধকারে একা পেয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। তার শরীরে ধারালো অস্ত্রের একাধিক কোপের চিহ্ন রয়েছে।”
এলাকাবাসীর কাছে খবর পেয়ে পুলিশ গিয়ে রাত পৌনে ১০টার দিকে লাশ উদ্ধার করে বলে তিনি জানান।
কালিয়াকৈর থানার ওসি মো. রফিকুল ইসলাম বলেন, “মাদকসংক্রান্ত বিষয় নিয়ে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।”
লাশ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে বলে তিনি জানান।
