২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সোনাগাজীর ইউএনওর বিরুদ্ধে আ. লীগ নেতার মামলা

বালু উত্তোলনের মেশিন ধ্বংস করার অভিযোগে ফেনীর সোনাগাজীর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী কমিশনারের (ভূমি) বিরুদ্ধে আদালতে মামলা করেছেন এক আওয়ামী লীগ নেতা।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Aug 2018, 03:25 PM

Updated : 19 Aug 2022, 02:31 PM

উপজেলা আওয়ামী লীগ সভাপতি বালু মহাল ইজারাদার মো. রুহুল আমিন ফেনীর মুখ্য বিচারিক হাকিমের জাকির হোসেনের আমলী আদালত ৩-এ বুধবার মামলাটি করেন বলে জানান তার আইনজীবী জাহিদ হোসেন খসরু।

খসরু বলেন, মামলায় ইউএনও সোহেল পারভেজ ও সহকারী কমিশনার (ভূমি) শাহরীন ফেরদৌসির বিরুদ্ধে রুহুল আমিন অভিযোগ করেছেন, তার প্রতিষ্ঠান মেসার্স রুহুল আমিন সোনাগাজী উপজেলার চরদরবেশ বালুমহাল থেকে বালু উত্তোলনের জন্য জেলা প্রশাসক থেকে ইজারা নিয়েছেন।

“গত ২২ জুলাই জেলা প্রশাসনের সাথে চুক্তি হয়। পরে জেলা প্রশান বালু উত্তোলনের কার্যাদেশ দেয়। বালু উত্তোলন শুরুর পর সোমবার বিকালে বিবাদীরা ঘটনাস্থলে গিয়ে ড্রেজার মেশিন অচল করার জন্য ইঞ্জিনের ভেতর এক কেজি লবণ ও এক কেজি চিনি ঢেলে দেন। এতে আনুমানিক ২২ লাখ টাকার ক্ষতি হয়।”

এই অভিযোগে মামলা করা হয় জানিয়ে তিনি বলেন, আদালত মামলাটি আমলে নিয়ে বিচার বিভাগীয় তদন্তের আদেশ দিয়েছে।

এ বিষয়ে ইউএনও সোহেল পারভেজ বলেন, বালু উত্তোলনের কারণে নির্মাণাধীন সেতু ধসে যাবে এমন আশংকা প্রকাশ করে নোয়াখালী সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী বিনয় কুমার পাল জেলা প্রশাসক বরাবর অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে লিখিত আবেদন করে।

“জেলা প্রশাসকের আদেশে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানের সময় ঘটনাস্থলে বালু উত্তোলনকারী কাউকে পাওয়া যায়নি। বালু উত্তোলনের মেশিনটি সরানোর ব্যবস্থা চলছে।”