কারখানা মালিক পলাতক, ভবন মালিক টাকা দিয়ে শান্ত করলেন শ্রমিকদের
গাজীপুরে একটি কারখানা কর্তৃপক্ষ বেতন-বোনাস না দিয়ে পালিয়ে যাওয়ার পর বিক্ষোভের মুখে কারখানা ভবনের মালিক টাকা দিয়ে শ্রমিকদের শান্ত করেছেন বলে পুলিশ জানিয়েছে।
গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের পরিদর্শক মো. রফিকুল ইসলাম বলেন, বোর্ডবাজারের উত্তর খাইলকুর পলাগাছ এলাকার এসআর ওয়ান অ্যাপারেলসের শ্রমিকরা সোমবার সকাল থেকে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান।
“দুপুর পর্যন্ত মালিক বা কর্মকর্তা কারও সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। তাদের মোবাইল ফোনও বন্ধ রয়েছে। পরে কারখানা ভবনের মালিক মো. শহিদুল ইসলাম কিছু টাকা দিয়ে শ্রমিকদের অন্তত বাড়ি যাওয়ার ব্যবস্থা করে দেন।”
কারখানার সোয়িং অপারেটর সোহেলী বেগম ও ফিনিশিং কোয়ালিটি ইন্সপেক্টর শারমিন আক্তার বলেন, তারা জুলাই মাসের বেতন পাননি। ১৫ অগাস্ট জুলাইয়ের বেতন ও ২০ অগাস্ট চলতি মাসের ১০ দিনের বেতন দেওয়ার কথা ছিল। ১৫ অগাস্ট কিছু শ্রমিককে আংশিক বেতন দিলেও অন্যদের বেতন বা কাউকে ঈদের বোনাস দেয়নি
এদিকে ওই এলাকার ইয়াকুব আলী মার্কেটের আরএস সোয়েটার্স নামে একটি কারখানার শ্রমিকরাও বকেয়া বেতন ও বোনাসের দাবিতে বিক্ষোভ দেখিয়েছে বলে জানিয়েছেন পরিদর্শক রফিকুল ইসলাম।
আরএস সোয়েটারসের নিটিং অপারেটর মো. ইমরান বলেন, তারা জুনের আংশিক, জুলাইয়ের পুরো মাস ও অগাস্টের ১৫ দিনের বেতন পাননি। এরই মধ্যে শনিবার রাতে মালিক কর্তৃপক্ষ কারখানার যন্ত্রপাতি ও মালপত্র সরিয়ে নিয়ে লাপাত্তা হয়েছে বলে শ্রমিকদের অভিযোগ।
