২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

গোবিন্দগঞ্জে শিশুছাত্রীকে ‘ধর্ষণ’, শিক্ষক গ্রেপ্তার

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় শিশু শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ ওঠার তিন সপ্তাহ পর একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধানশিক্ষককে গ্রেপ্তার করেছে র‌্যাব।

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Aug 2018, 07:18 PM

Updated : 19 Aug 2022, 02:29 PM

রোববার চাঁদপুর শিংগা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধানশিক্ষক সাজু মিয়াকে গ্রেপ্তার করা হয়।

গাইবান্ধা র‌্যাব ক্যাম্পের ইনচার্জ হাবিবুর রহমান জানান, গত ৩১ জুলাই সাজু মিয়া স্কুল ছুটির পর চতুর্থ শ্রেণির ওই ছাত্রীকে তার বাড়ি ডেকে নিয়ে যান। ওই সময় বাড়িতে কেউ না থাকার সুযোগে মেয়েটিকে মুখে কাপড় গুঁজে হত্যার হুমকি দিয়ে ধর্ষণ করেন।

“পরে মেয়েটি বাড়ি গিয়ে অসুস্থ হয়ে পড়লে বিষয়টি সে তার মাকে জানায়।”

এ ঘটনা প্রকাশ হলে গত ৪ অগাস্ট দুপুরে এলাকার লোকজন ও মেয়েটির স্বজনরা বিদ্যালয় ঘেরাও করে ওই শিক্ষকের বিচার দাবিতে বিক্ষোভ করেন।

র‌্যাব কর্মকর্তা হাবিবুর রহমান বলেন, অবস্থা বেগতিক দেখে ওইদিন প্রধান শিক্ষক সাজু মিয়া বিদ্যালয় থেকে পালিয়ে যান। পরে গোবিন্দগঞ্জ থানা পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

পরে মেয়েটির মা বাদী হয়ে ওইদিন রাতেই গোবিন্দগঞ্জ থানায় নারী শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। 

হাবিবুর রহমান আরও বলেন, ঘটনার পর থেকে সাজু মিয়া নিয়মিত স্কুলে গিয়ে হাজিরা খাতায় স্বাক্ষর দিয়ে আসতেন। পুলিশ এতদিন বলে আসছিল সাজু মিয়াকে পাওয়া যাচ্ছে না। রোববার সাজু মিয়া স্কুলে হাজিরা দিতে গেলে আগে থেকে সেখানে অবস্থান নেওয়া র‌্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পের সদস্যরা তাকে হাতেনাতে আটক করেন।

পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে গোবিন্দগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান হাবিবুর।