শরীয়তপুরে লঞ্চঘাটে ধস: নিখোঁজ ১ জনের লাশ উদ্ধার
এক সপ্তাহ আগে শরীয়তপুরের নড়িয়া উপজেলার সাধুর বাজার লঞ্চঘাট ধসে নিখোঁজ দশজনের মধ্যে একজনের লাশ পাওয়া গেছে।
সোমবার দুপুরে চাঁদপুরের হাইমচর উপজেলার আলুরচর এলাকায় মেঘনা নদীতে তার ভাসমান মরদেহ পাওয়া যায়।
মৃত শেখ আল আল আমিন হাসান পিরোজপুরের নাজিরপুর উপজেলার বড়ইবুনিয়া গ্রামের বাসিন্দা। তিনি আইটিএল মোবাইল কোম্পানির সেলস এক্সিকিউটিভ ছিলেন।
গত মঙ্গলবার সাধুর বাজার লঞ্চঘাটটি পদ্মা নদীতে ধসে পড়ে। এ সময় সেখানে থাকা ১৭ জন সাঁতরে তীরে ওঠে। বাকি ১০ জন নিখোঁজ হয়।
নিহত শেখ আল আমিন হাসানের চাচা মামুন শেখ সাংবাদিকদের বলেন, স্থানীয় লোকজন ট্রলার যোগে নদী দিয়ে যাওয়ার সময় লাশ দেখতে পেয়ে মোবাইলে ছবি তোলে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়ার পর তারা খবর পান।
“পরে ট্রলারযোগে ঘটনাস্থলে গিয়ে আমি লাশ শনাক্ত করি,” বলেন মামুন শেখ।
পরে হাইমচর থানা পুলিশ লাশ উদ্ধার করে হাইমচর থানায় নিয়ে যায় বলে তিনি জানান।
তবে নড়িয়া থানা পুলিশ এখনও খবরটি পায়নি বলে জানায়।
নড়িয়া থানার ওসি আসলাম উদ্দিন বলেন, “আমি এখনো সংবাদ পাইনি। হাইমচর থানায় খবর নিয়ে নিশ্চিত হতে পারব।”
