২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তাড়াশে স্ত্রীকে হত্যার অভিযোগ স্বামীর বিরুদ্ধে

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Aug 2018, 01:20 PM

Updated : 19 Aug 2022, 02:27 PM

শনিবার মাগুড়া বিনোদ ইউনিয়নের ঘড়গ্রাম এলাকা থেকে মুর্শিদা খাতুনের (২৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মুর্শিদা ওই গ্রামের আব্দুর রশিদের মেয়ে এবং একই গ্রামের সাইদুর রহমানের স্ত্রী।

নিহতের বাবা আব্দুর রশিদের অভিযোগ, সাত বছর আগে সাইদুর রহমানের সঙ্গে তার মেয়ে মুর্শিদার বিয়ে হয়। বিয়ের পর থেকে তারা জানতে পারেন সাইদুর মাদকাসক্ত।

নেশা করার কারণে বেশ কয়েকবার মুর্শিদা রাগ করে বাবার বাড়িতে চলে যান বলেও রশিদের ভাষ্য।

প্রতিবেশীদের বরাত দিয়ে রশিদ বলেন, শুক্রবার রাতেও সাইদুর নেশা করে বাড়ি ফিরলে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়।

“তখন বালিশ চাপা দিয়ে শ্বাসরোধে সাইদুর তাকে হত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে।” 

তাড়াশ থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

পরিবারের পক্ষ থেকে বালিশ চাপা দিয়ে হত্যার অভিযোগ করা হচ্ছে। তবে ময়নাতদন্তের রিপোর্টে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। ঘটনার পর থেকে ওই গৃহবধূর স্বামী পলাতক রয়েছে। সাইদুর মাদকাসক্ত বলেও জানান ওসি।