শার্শায় ভারতীয় শাড়ি আটক
যশোরের শার্শা সীমান্ত থেকে ২৯ লাখ টাকার ভারতীয় শাড়ি আটক করেছে বিজিবি।
বুধবার সকালে উপজেলার পুটখালী অভয়বাশ হাওড় পাড় থেকে শাড়িগুলো উদ্ধার করা হয় বলে খুলনা-২১ বিজিবি ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর সৈয়দ সোহেল আহমেদ জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে সোহেল বলেন, পুটখালি সীমান্ত দিয়ে ভারতীয় শাড়ির একটি চালান প্রবেশ করেছে খবর পেয়ে সেখানে অভিযান চালায় বিজিবি।এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারিরা চালানটি ফেলে পালিয়ে যায়।
পরে সেখান থেকে ৫৮১টি ভারতীয় শাড়ি পাওয়া যায়; যার বাজার মূল্য আনুমানিক ২৯ লাখ ৩৩ হাজার ৫০০ টাকা বলে এ বিজিবি কর্মকর্তা জানান।
এ ঘটনায় থানায় একটি মামলা করা হয়েছে।
