২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাস বন্ধ, দুর্ভোগে যাত্রীরা

শিক্ষার্থীদের আন্দোলনের পাল্টায় বিভিন্ন জেলায় পরিবহন মালিক-শ্রমিকরা বাস চলাচল বন্ধ করে দেওয়ায় ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। 

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Aug 2018, 01:56 PM

Updated : 11 Oct 2022, 12:32 PM

শুক্রবার সকাল থেকে বিভিন্ন জেলার বাস টার্মিনালগুলোতে যাত্রীর দীর্ঘক্ষণ অপেক্ষা করেও বাসের দেখা পাননি।

জরুরি প্রয়োজনে বেরিয়েও বিফল হয়ে অনেককে বাড়ির পথ ধরতে হয়েছে। কেউ কেউ বিকল্প পথে রওনা হলেও কাউকে কাউকে দেখা গেছে অনিশ্চয়তার মধ্যে বাসের অপেক্ষায় বসে থাকতে।

আন্দোলনের মধ্যে ভাংচুরের কারণে বাস চলাচল বন্ধ রাখা হয়েছে বলে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি এনায়েত উল্লাহ জানিয়েছেন।

কবে নাগাদ বাস চলাচল স্বাভাবিক হতে পারে- জানতে চাইলে সঠিক দিনক্ষণ না জানিয়ে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন, “ছাত্ররা ভাংচুর বন্ধ করুক, বাস চলাচল স্বাভাবিক হয়ে যাবে।”

নেত্রকোণা থেকে সকালে ময়মনসিংহে এসে আটকা পড়েন খায়রুল ইসলাম; তার গন্তব্য ঢাকা।

খাইরুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নেত্রকোণা থেকে লোকাল বাসে করে ময়মনসিংহ এসেছি ঢাকা যাব বলে। কিন্তু এখানে এসে দেখি ঢাকাগামী সকল বাস বন্ধ রয়েছে। সন্ধ্যায় ঢাকার দিকে বাস ছাড়বে বলে শুনছি। তাই সারাদিন অপেক্ষা ছাড়া আর কোন উপায় দেখছি না “

শেরপুরের রফিক আজাদ বলেন, “ঢাকা যাওয়ার জন্য মাসকান্দা বাস টার্মিনালে এসে শুনলাম কোনো বাস ঢাকায় ছেড়ে যায়নি। তাই রেলস্টেশনে যাচ্ছি। ট্রেন পেলে ঢাকা যাব।”

রংপুর নগরের কামারপাড়া বাসস্ট্যান্ডে বাসের অপেক্ষায় থাকা তাজমিলুর রহমান বলেন, “চাকরির ইন্টারভিউ দিতে সকাল ৯টার বাসে ঢাকা যাব বলে বৃহস্পতিবার টিকেট করেছি। স্ট্যান্ডে এসে জানতে পারলাম বাস চলছে না। বন্ধ রাখার কারণও কেউ স্পষ্ট করে বলছে না। শনিবার সকালে লিখিত পরীক্ষা এখন কিভাবে যাবো ভেবে পাচ্ছি না”।  

অসুস্থ মাকে নিয়ে রাজধানীর একটি হাসপাতালে যাবেন কলেজ শিক্ষক আতাহার আলী। সকালে বাসস্ট্যান্ডে এসে জানতে পারেন বাস বন্ধ।

পরে মাইক্রোবাস ভাড়া করে মাকে নিয়ে রাজধানীর উদ্দেশ্যে যাত্রা করেছেন বলে জানান তিনি।

বগুড়ার চারমাথার কেন্দ্রীয় বাস টার্মিনাল ও ঠনঠনিয়া কোচ টার্মিনাল শুক্রবার সকাল থেকে ছিল ফাঁকা; বাস না পেয়ে অনেক যাত্রীকে ট্রাকে করে গন্তব্যে যেতে দেখা যায়। 

জেলা শহরের বনানী এলাকায় কথা হয় ধুনট উপজেলার সাব্বির মিয়ার সঙ্গে; তার গন্তব্য ঢাকা।

তিনি বলেন, “বউ-বাচ্চা নিয়ে ঢাকায় যাওয়া কথা ছিল। বাস না পেয়ে ট্রাকে করে যাওয়ার চেষ্টা করছিলাম। বাচ্চারা ট্রাকে উঠতে না পারায় বাড়ি ফিরে যাচ্ছি।”

ঘোষণা ছাড়াই বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় দেশের বিভিন্ন স্থান থেকে সিলেটের হজরত শাহজালালের ওরশে যোগ দিতে যাওয়া মানুষরা পড়েছেন চরম দুর্ভোগে।

শুক্রবার সকলে ওরশ শেষ হলেও বাস বন্ধ থাকায় গন্তব্যে ফিরতে পারেনি কয়েক হাজার মানুষ।

খুলনার রকিবুল ইসলাম বলেন, “বুধবার শাহজালালের ওরশে অংশ নিতে সপরিবারে এসেছিলাম। কিন্তু হঠাৎ ধর্মঘট ডাকায় আর ফিরতে পারছি না।”

ফেনীতে ঢাকাগামী মাহফুজ-উল-করিম বলেন, “জরুরি কাজে আমার ঢাকা যাওয়া প্রয়োজন। ভোরে স্টার লাইন ও এনা কাউন্টারে এসে জানতে পারি বাস চলাচল বন্ধ। এরপর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মহিপাল টার্মিনালে গিয়েও কোনো গাড়ি পাইনি। অঘোষিতভাবে পরিবহন মালিক ও চালকরা বাস চলাচল বন্ধ করে দিয়েছে। এতে আমার তার মতো অনেক যাত্রী ঢাকা ও চট্টগ্রাম যেতে পারছে না।”