২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে কথিত বন্দুকযুদ্ধে ‘মাদক বিক্রেতা’ নিহত

আইন শৃঙ্খলা বাহিনীর মাদকবিরোধী অভিযানের মধ্যে রাজশাহীতে গুলিবিদ্ধ হয়ে আরও একজন মারা গেছেন।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Aug 2018, 01:31 AM

Updated : 19 Aug 2022, 02:25 PM

রাজশাহীর বেলপুকুর থানার তাড়াশ এলাকায় মঙ্গলবার রাতে র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত আবদুর রশীদ (৪৫) একজন মাদক বিক্রেতা বলে দাবি করা হয়েছে।

রশীদের বিরুদ্ধে বিভিন্ন থানায় ১৭টি মামলা রয়েছে বলে জানিয়েছেন র‌্যাব-৫ রাজশাহীর উপ-অধিনায়ক মেজর এ এফ এম আশরাফুল ইসলাম।

তিনি সাংবাদিকদের বলেন, “রাতে গোপন সংবাদের ভিত্তিতে তাড়াশ এলাকায় মাদকবিরোধী অভিযানে যায় র‌্যাব সদস্যরা। এসময় মাদক বিক্রেতারা টের পেয়ে র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে। র‌্যাবও পাল্টা গুলি চালায়। এতে ঘটনাস্থলেই এক মাদক বিক্রেতা নিহত হন।”

ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, দুই রাউন্ড গুলি, ৫৭ বোতল ফেনসিডিল উদ্ধারের কথা জানিয়েছেন মেজর আশরাফ।

তিনি বলেন, “এই ঘটনায় দুজন র‌্যাব সদস্য সামান্য আহত হন। তাদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।”

লাশ উদ্ধারের পর নিহতের নাম রশীদ বলে জানা যায় বলে র‌্যাব জানিয়েছে।

রশীদের তার বাড়ি তাড়াশ গ্রামে।

মাদকবিরোধী অভিযানে এই পর্যন্ত শতাধিক মানুষ মারা গেছে, যারা মাদক বিক্রেতা বলে আইনশৃঙ্খলা বাহিনীর দাবি।

অন্যদিকে এই অভিযানে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ঘটছে দাবি করে তা বন্ধের দাবি জানিয়ে আসছে মানবাধিকার সংগঠনগুলো।