ফরিদপুরে দুই পক্ষের সংঘর্ষে আহত ১৫
ফরিদপুরের সদর উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছে।
রোববার উপজেলার কানাইপুর ইউনিয়নের কাশিমাবাদ এলাকায় সংঘর্ষের এ ঘটনা ঘটে
বলে ফরিদপুর কোতোয়ালি থানার ওসি এএফএম নাসিম জানান।
আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান, শনিবার রাতে কাশিমাবাদ ডাঙ্গীপাড়া রাজনের দোকানের মোড়ে গ্রামের সাবেক ইউপি সদস্য আব্দুল মালেকের সঙ্গে সিদ্দিকুর রহমান ও জাহাঙ্গীর হোসেনের কথাকাটাকাটি হয়। কথাকাটাকাটি এক পর্যায়ে সিদ্দিক ও জাহাঙ্গীরের লোকজন মালেক মেম্বারের ভাই নাসিরের হাত ভেঙে দেয়।
“এ ঘটনাকে কেন্দ্র করে রোববার সকালে থেকে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে দুইপক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে উভয় পক্ষের ১৫জন আহত হয়।”
এ সময় সিদ্দিক ও জাহাঙ্গীরের লোকজন মালেক মেম্বারের সমর্থকদের ১০টি বাড়ি ভাংচুর ও লুটপাট চালায়।
সংঘর্ষের পর এলাকায় অতিরিক্তি পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান তিনি।
