কক্সবাজারে ‘মাদক বিক্রেতাসহ’ ২ জনের গলাকাটা লাশ
কক্সবাজারে ডাকাতি মামলার আসামি এক রোহিঙ্গা ও একজন ‘মাদক বিক্রেতার’ বস্তাবন্দি গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
টেকনাফ থানার ওসি রণজিৎ কুমার বড়ুয়া জানান, শুক্রবার বেলা ১২টার দিকে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের লেদা এলাকা থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।
নিহতরা হলেন লেদা এলাকার রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা রহিম উল্লাহ (৩৮) ও একই এলাকার আবুল কাশিমের ছেলে শামসুল হুদা (৪২)।
ওসি রণজিৎ বলেন, লেদা এলাকায় একটি ঝোপে দুটি রক্তাক্ত বস্তা দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পুলিশ গিয়ে মুখবান্ধা বস্তা দুটি খুলে দুইজনের লাশ উদ্ধার করে।
“তাদের মধ্যে রহিম সপ্তাহ খানেক আগে লেদা এলাকার একটি অনিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্প থেকে নিখোঁজ হন। তার বিরুদ্ধে ডাকাতিসহ কয়েকটি অভিযোগে টেকনাফ থানায় একাধিক মামলা রয়েছে। আর শামসুল টেকনাফের শীর্ষস্থানীয় ইয়াবা কারবারি ইউনিয়ন পরিষদ সদস্য নূরুল হুদার ভাই। শামসুলের বিরুদ্ধে টেকনাফ থানায় দুটি হত্যা, দুটি মাদক, একটি অস্ত্র ও অন্য একটি মামলা রয়েছে।”
পুলিশ খুনি খুঁজছে বলে জানান ওসি রণজিৎ কুমার বড়ুয়া। লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
