২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

কোটা আন্দোলন: রাবি সাংবাদিকতা বিভাগের ক্লাস বর্জনের ঘোষণা

কোটা সংস্কার আন্দোলনের ‘সুরাহা না হওয়া’ পর্যন্ত ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা।

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2018, 08:37 PM

Updated : 08 Apr 2022, 06:39 PM

বৃহস্পতিবার বিকালে বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা আলোচনায় বসে এ সিদ্ধান্ত নেয় বলে বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী মঈন জোহান জানান।

তিনি বলেন, “আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা আলোচনা করে ক্লাস-পরীক্ষা বর্জনের সিদ্ধান্ত নিয়েছি।

“যতদিন কোটা সংস্কার আন্দোলনের সুনির্দিষ্ট কোনো সুরহা হবে না ততদিন পর্যন্ত আমরা এই কর্মসূচি চালিয়ে যাব।”

বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আবু সাঈদ বলেন, “এই উদ্বেগজনক ও ভীতিকর পরিস্থিতিতে সাধারণ শিক্ষার্থী হিসেবে আমরা ক্লাস করতে পারি না। গেজেটের বিষয়ে প্রধানমন্ত্রীর ঘোষণা পর্যন্ত আমরা অপেক্ষা করব।

তাছাড়া আন্দোলন করতে গিয়ে গ্রেপ্তারদের নিঃশর্ত মুক্তি এবং যাদের ওপর হামলা চালানো হয়েছে সরকারিভাবে তাদের চিকিৎসার ব্যবস্থা করার দাবি জানান তিনি।

এ বিষয়ে বিভাগের সভাপতি সহযোগী অধ্যাপক আবদুল্লাহ আল মামুন বলেন, “শিক্ষার্থীরা ক্লাস বর্জন করবে কি করবে না সেটা তাদের বিষয়। আমরা নিয়মিত ক্লাসে যাব, শিক্ষার্থীদের পেলে ক্লাস নিব, না পেলে নিব না।”

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী ‘বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ’ গত ২ জুলাই ঢাকা ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে হামলার শিকার হয়; হামলার জন্য তারা ছাত্রলীগকে দায়ী করে।