গোপালগঞ্জে আ.লীগ নেতা হত্যায় মামলা, আসামি ৩০
গোপালগঞ্জে আওয়ামী লীগ নেতা আসাদুজ্জামান টিটো শরীফকে হত্যার ঘটনায় ৩০ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।
নড়াইল জেলার নড়াগাতি থানার ওসি আলমগীর হোসেন জানান, নিহতের ভাই আশিকুজ্জামান শরীফ বাদি হয়ে সোমবার রাতে এ মামলাটি দায়ের করেন।
গোপালগঞ্জ শহরের পাচুড়িয়া এলাকার আয়েজ উদ্দিন শরীফের ছেলে ৪৪ বছর বয়সী টিটোকে রোববার দুপুরে কুপিয়ে ও গলাকেটে হত্যা করা হয়। তিনি ঠিকাদারী ও মাছ চাষসহ বিভিন্ন ব্যবসা করতেন।
টিটো গোপালগঞ্জ শহর আওয়ামী লীগের সহ-সভাপতি ছিলেন বলে গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান জানান।
মামলার বিবরণে বলা হয়, টিটো একটি মোটরসাইকেলে করে গোপালগঞ্জ-নড়াইলের সিমান্তবর্তী চরসিংগাতি গ্রামের ইটভাটা সংলগ্ন মাছের ঘের থেকে গোপালগঞ্জে ফিরছিলেন। পথে দুর্বৃত্তরা টেটা দিয়ে কুপিয়ে তাকে মোটরসাইকেল থেকে ফেলে দেয়।
হামলাকারীরা টিটোর ডান হাত কুপিয়ে শরীর থেকে বিচ্ছিন্ন করে ফেলে। এরপর ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও গলাকেটে হত্যা করে মধুমতি নদীতে ফেলে পালিয়ে যায়।
ওসি আলমগীর হোসেন মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, টিটো হত্যায় সন্দেহভাজন তিনজনকে সোমবার রাতে আটক করা হয়েছে। মামলার আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।
টিটোর ভাই ভাই আশিকুজ্জামান শরীফ বলেন,“গোপালগঞ্জ শহর থেকে মাত্র পাঁচ কিলোমিটার দূরে দিনে দুপুরে আমার ভাইকে যে নির্মম ভাবে হত্যা করা হয়েছে তাতে শহরবাসী আতঙ্কিত হয়ে পড়েছে।”
এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তার দ্রুত বিচারের দাবি জানান আশিকুজ্জামান।
