২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দিনে দুপুরে ইটভাটা মালিককে গলা কেটে হত্যা

গোপালগঞ্জের এক ইটভাটা মালিককে দিনে দুপুরে কুপিয়ে ও গলা কেটে হত্যা করা হয়েছে।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2018, 04:25 PM

Updated : 11 Oct 2022, 12:27 PM

রোববার দুপুরে গোপালগঞ্জ শহর সীমান্তবর্তী নড়াইলের চরসিংগাতী গ্রামে ইটভাটার পাশের সড়কে এ ঘটনা ঘটে বলে গোপালগঞ্জের ভারপ্রাপ্ত পুলিশ সুপার মোহাম্মদ আসলাম খান জানান।

নিহত আসাদুজ্জামান টিটো শরীফ (৪৪) গোপালগঞ্জ শরীফ ব্রিকসের মালিক। শহরের পাচুড়িয়া এলাকার মো. আয়েজ উদ্দিন শরীফের ছেলে।

টিটোর দেহরক্ষী দুলাল চৌধুরী বলেন, ইটভাটার জমি নিয়ে টিটোর সঙ্গে চরসিংগাতী গ্রামের বক্কার চৌধুরীদের বিরোধ চলছে। শনিবার ওই জমি নিয়ে উভয় পক্ষ সালিশ বৈঠক করে। বৈঠকে সবাই টিটো শরীফকে ওই জমিতে কাজ করতে বলেন।

“রোববার সকালে তিনি শ্রমিক দিয়ে ওই জমিতে সীমানা বেড়াসহ অন্যান্য কাজ করেন।বেলা ১২টার কিছু পর সেখান থেকে মোটরসাইকেলে করে গোপালগঞ্জ শহরে দিকে রওনা দেন।

“এ সময় ভাটার সামনে ওৎ পেতে প্রতিপক্ষ টেটাবিদ্ধ করে তাকে মোটরসাইকেল থেকে ফেলে দেয়। পরে এলোপাথাড়ি কুপিয়ে ও গলা কেটে হত্যা করে।”

নিহতের ভাই আশিকুজ্জামন শরীফ বলেন, “আমার ভাইকে পলাশ চৌধুরীর নেতৃত্বে সন্ত্রাসীরা জবাই ও কুপিয়ে হত্যা করেছে।”

ভারপ্রাপ্ত পুলিশ সুপার মোহাম্মদ আসলাম খান বলেন, “ইটভাটা মালিককে হত্যার খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘটনায় জড়িতদের নাম পেয়েছি।

“কিন্তু ঘটনাস্থল নড়াইল জেলায় হওয়ায় সেখানকার পুলিশ সুপারকে বিষয়টি জানিয়েছি এবং জড়িতদের নাম ঠিকানা দিয়েছি।”

আসামিদের ধরতে গোপালগঞ্জ ও নড়াইল পুলিশ যৌথ অভিযান শুরু করেছে বলে জানান তিনি।