২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গণশুনানি দাবি হাসানের; অগ্রাধিকার ঠিক করতে ব্যস্ত জাহাঙ্গীর

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে একজন বিচারপতির নেতৃত্বে গণশুনানির দাবি তুলেছেন পরাজিত প্রার্থী হাসান উদ্দিন সরকার। অন্যদিকে ভোটে বিজয়ী জাহাঙ্গীর আলম মেয়র হিসেবে তার কাজের অগ্রাধিকার ঠিক করতে চলছেন।

আবুল হোসেন

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jun 2018, 01:04 AM

Updated : 19 Aug 2022, 02:14 PM

মঙ্গলবার অনুষ্ঠিত গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থী জাহাঙ্গীর দুই লাখের বেশি ভোটে হারিয়ে দেন বিএনপির মেয়র প্রার্থী হাসান সরকারকে। নির্বাচনে ব্যাপক অনিয়মের অভিযোগ বিএনপি তুললেও তা উড়িয়ে দিয়েছে আওয়ামী লীগ।

বুধবার ফল ঘোষণার পর টঙ্গীতে নিজের বাড়িতে সংবাদ সম্মেলনে ধানের শীষের প্রার্থী হাসান সরকার বলেন, “আওয়ামী লীগ একটি বিরাট দল। তার মহাসচিব বলেছেন, এর চাইতে আর ভালো নির্বাচন আর হতে পারে না। তিনি চ্যালেঞ্জ করেছেন। আমি আপনাদের মাধ্যমে বিনয়ের সঙ্গে এই চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করতে চাই এবং এইভাবে অ্যাকসেপ্ট করতে চাই, একজন উচ্চ আদালতের বিচারক দিয়ে একটি গণশুনানি হোক।”

Image
ভোট দিয়ে বেরিয়ে হাসান উদ্দিন সরকার

ভোট দিয়ে বেরিয়ে হাসান উদ্দিন সরকার

তিনি বলেন, “এরপর আরও তিনটি নির্বাচন আছে সিটি করপোরেশনের। এই হাল যদি হয়, আমি বলব, গাজীপুরে যা হয়েছে, যদি এইটাই ধরে রাখে এই সরকার, তাহলে নির্বাচনে অংশগ্রহণ করার কোনো যৌক্তিকতা নেই।”

ভোটে অনিয়মের বিরুদ্ধে সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

এদিকে বিজয়ী ঘোষণার পর প্রথম প্রতিক্রিয়ায় জাহাঙ্গীর সাংবাদিকদের বলেন, “আমার উপর, নৌকার উপর গাজীপুরের মানুষ আস্থা রেখেছেন। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বের উপর আস্থা রেখেছেন।”

নবনির্বাচিত মেয়র বলেন, “সময় নির্ধারণ করে কাজ করব; কথা নয় একজন কর্মচারী হিসাবে সমস্যা সমাধানের মাধ্যমে মানুষের আস্থার প্রতিদান দিতে চাই।”

Image
ফল ঘোষণার পর নেতা-কর্মীদের মাঝে জাহাঙ্গীর আলম

ফল ঘোষণার পর নেতা-কর্মীদের মাঝে জাহাঙ্গীর আলম

নগরীর জরুরি অবকাঠামোগত উন্নয়নের একটি ‘প্যাকেজ’ দিতে যাচ্ছেন বলেও জানান তিনি।

গাজীপুরের উন্নয়নে ব্যাপক পরিকল্পনার তুলে ধরে জাহাঙ্গীর বলেন, “এজন্য সকল ব্যক্তি ও প্রতিষ্ঠানের সহযোগিতা প্রয়োজন। পাশাপাশি বিএনপিকেও হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানাই। সবাইকে নিয়েই শহরটি গড়ে তুলতে চাই।”

প্রতিদ্বন্দী প্রার্থী হাসান সরকারের বিষয়ে জাহাঙ্গীর বলেন, “একজন অভিজ্ঞ রাজনীতিক। সকলের মুরব্বি। দোষারোপ বা মিথ্যাচার করে ভোটারদের অসম্মান করা ঠিক হবে না। নগর উন্নয়নের জন্য বিএনপি প্রার্থীর পরামর্শও নেব। উন্নয়নের স্বার্থে তাকে সহযোগিতার আহ্বান জানাব।”

বুধবার সকাল থেকে গাজীপুর মহানগরের বিভিন্ন ওয়ার্ড থেকে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা নবনির্বাচিত মেয়রকে অভিনন্দন জানাতে যান। এদিন নবনির্বাচিত মেয়রের বাসভবন ছায়দানা এলাকা মিছিল ও স্লোগানে মুখরিত ছিল।

পুরনো খবর:

জাহাঙ্গীরেই নৌকা ভিড়ল নগরভবনে