কুষ্টিয়ায় স্কুলছাত্র হত্যার ২ সন্দেহভাজন ‘বন্দুকযুদ্ধে’ নিহত
কুষ্টিয়ার মিরপুর উপজেলায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে দুইজন নিহত হয়েছেন; যারা স্থানীয় স্কুলছাত্র দেব দত্তকে অপহরণ ও হত্যার সন্দেহভাজন বলে জানিয়েছে পুলিশ।
মঙ্গলবার ভোর ৫টার দিকে উপজেলার চিথলিয়া ইউনিয়নের পাহাড়পুর ব্রিজের কাছে গোলাগুলির এ ঘটনা ঘটে বলে মিরপুর থানার ওসি রফিকুল ইসলামের ভাষ্য।
নিহতরা হলেন- ওই গ্রামের জহুরুল ইসলামের ছেলে নাইম ইসলাম (২৩) ও একই এলাকার আক্কাস আলীর ছেলে জোয়ার আলী (২৫)।
গত ৮ জুন সকালে প্রাইভেট পড়তে যাওয়ার পথে দুই জন মোটরসাইকেল আরোহী চিথলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র দেব দত্তকে অপহরণ করে নিয়ে যায়। ওইদিন বিকালে দেবের বাবা পবিত্র দত্তকে ফোন করে ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। পরদিন দেবের পরিবার থানায় মামলা করে।
দেব দত্ত
“পুলিশের উপস্থিতি টের পেয়ে অপহরণকারীরা গুলি ছোড়ে। পুলিশ ও পাল্টা গুলি করে। গোলাগুলি মধ্যে নাইম পুলিশের গাড়ি থেকে দৌড়ে পালানোর চেষ্টা করে। এ সময় নাইম ও জোয়ার গুলিবিদ্ধ হয়।”
পুলিশ তাদের উদ্ধার করে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন বলে এ পুলিশ কর্মকর্তার জানান।
তিনি বলেন, এ অভিযানে পুলিশের এসআই লাল চাঁদ, এসআই এমদাদুল হক, এএসআই রুহুল আমীন, এএসআই সাইফুল ইসলাম ও তিনজন কনস্টেবল আহত হলে তাদের হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
এছাড়া ঘটনাস্থল থেকে দুটি পিস্তল ও দুটি হাসুয়া উদ্ধারের কথাও জানান ওসি রফিকুল।
