সিরাজগঞ্জে ট্রাক-কর্ভাডভ্যান সংঘর্ষে নিহত ৩
সিরাজগঞ্জে মুখোমুখি সংঘর্ষের পর ট্রাক ও কভার্ডভ্যান খাদে পড়ে তিনজন নিহত হয়েছেন; আহত হয়েছেন আরও তিনজন।
রোববার সকাল সাড়ে ৭টার দিকে রায়গঞ্জ উপজেলার সিরাজগঞ্জ-বগুড়া মহাসড়কের দাদপুর জিআর সেতুর কাছে এ দুর্ঘটনা ঘটে বলে হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি আব্দুল কাদের জিলানী জানান।
নিহতরা হলেন- বগুড়ার সারিয়াকান্দি উপজেলার রাশিদুল (২৪), রহমান (৩২) ও আলামিন (২০)।
আহতদের রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এরা হলেন-একই উপজেলার বরইকান্দি গ্রামের মোসলেম আলীর ছেলে সাগর আলী (৩০), বড় কুতুবপুর গ্রামের মিন্টুর ছেলে মিনহাজ (২২) ও আব্দুল গফুরের ছেলে মো. সোহেল (২০)।
ওসি আব্দুল কাদের বলেন, ঢাকা থেকে বগুড়াগামী একটি ট্রাকের সঙ্গে বিপরীতমুখী একটি কভার্ডভ্যানের সংঘর্ষ হয়। এ সময় বাহন দুটি উল্টে রাস্তার পাশে একটি খাদে পড়ে যায়।
“খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা গিয়ে প্রায় দেড় ঘণ্টা অভিযান চালিয়ে তিনজনের মরদেহ উদ্ধার করে।”
লাশ আপাপত থানায় রাখা হয়েছে বলে এ পুলিশ কমকর্তা জানান।
