২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুর সিটি নির্বাচন: নাশকতার আশঙ্কা জাহাঙ্গীরের

গাজীপুর সিটি করপোরেশ নির্বাচনে প্রধান দুই প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের জাহাঙ্গীর আলম ও বিএনপির হাসান উদ্দিন সরকার বাগযুদ্ধে জড়িয়ে পড়েছেন।

আবুল হোসেন

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 May 2018, 09:29 PM

Updated : 11 Oct 2022, 12:22 PM

বিএনপি প্রার্থী ও তার কর্মী সমর্থকরা নাশকতা করতে পারেন আশঙ্কা প্রকাশ করেছেন জাহাঙ্গীর আলম। তিনি গোয়েন্দা তৎপরতা বাড়ানোসহ বিএনপি-জামায়াত নেতাদের বাড়ি তল্লাশির দাবিও করেন।

অপরদিকে, এসব অভিযোগ অস্বীকার করে হাসান সরকার আওয়ামী লীগ প্রার্থীর বিরুদ্ধে নির্বাচন বানচালের ষড়যন্ত্রের অভিযোগ তুলেছেন।

জাহাঙ্গীর আলম সোমবার সকালে তার ছয়দানা এলাকার বাসায় এক সংবাদ সম্মেলনে অভিযোগ করেন, বিএনপি ও ২০ দলীয় জোটের প্রার্থী বিভিন্ন ইফতার পার্টিতে বলেছেন, ভোট ডাকাতদের গাজীপুরে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হবে। আর এজন্য বোমা ও বিভিন্ন অস্ত্রশস্ত্রের প্রয়োজন।

“অতীতে বিএনপি ও তার জোট সড়কে যানবাহনে, বিপনী বিতানে বোমা হামলা করেছে। তাই বিএনপি প্রার্থী ও তার কর্মী সমর্থকরা বোমা মেরে নির্বাচনে নাশকতা করতে পারে।”

এই আশঙ্কার কথা বলে সরকারকে গোয়েন্দা তৎপরতা বাড়ানোসহ বিএনপি ও জামায়াত নেতাকর্মীর বাড়ি তল্লাশির দাবি করেন জাহাঙ্গীর।

হাসান সরকারের সঙ্গে যারা আছেন তারা জঙ্গি ও জামায়াতের সঙ্গে জড়িত উল্লেখ করে জাহাঙ্গীর বলেন, “তারা সরকারকে বেকায়দায় ফেলায় তৎপর রয়েছে।”

“এ মাসে গাজীপুর সিটিতে মন্ত্রী ও এমপিরা ইফতার মাহফিলে যোগ দেন, সেখানে আমিও যোগ দিয়ে থাকি। এনিয়ে বিএনপি প্রার্থী নানা অপপ্রচার করছেন।”

তিনি বিএনপি প্রার্থীকে ওই ‘অপপ্রচার’ বন্ধের আহ্বান জানান।

এ সময় সুপ্রীম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সাবেক সহ-সভাপতি ও গাজীপুর মহানগর আওয়ামী লীগের সদস্য শফিকুল ইসলাম বাবুল, সহ-সভাপতি আব্দুর রউফ নয়ন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আতাউল্লাহ মন্ডল ও এস এম মোকসেদ আলম, সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন মহি, কাজী ইলিয়াস আহমদ ও মো. মজিবুর রহমান প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এদিকে, হাসানউদ্দিন সরকার তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে বলেন, “সরকারি দলের প্রার্থী উস্কানিমূলক বক্তব্য দিয়ে নির্বাচন বানচাল করার পাঁয়তারা করছেন।”

তিনি সরকার, আইনশৃঙ্খলা বাহিনী ও নির্বাচন কমিশনকে সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিষয়টি দেখার অনুরোধ জানান।

সুষ্ঠু নির্বাচনের স্বার্থে এই প্রার্থী নিজের এবং কর্মী সমর্থকদের নিরাপত্তাও দাবি করেন।

সোমবার নগরীর পূবাইল বিন্দানে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠন সমূহেরে উদ্যোগে আয়োজিত এক ইফতার মাহফিলে হাসান উদ্দিন সরকার এসব কথা বলেন।

বিন্দান বিএনপির সভাপতি হারুন সরকারের সভাপতিত্বে ও আনোয়ার মোড়লের সঞ্চালনায় এ ইফতার মাহফিলে আরও উপস্থিত ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, সহসাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলাম বাবুল, সহশ্রম বিষয়ক সম্পাদক শ্রমিক নেতা হুমায়ুন কবির খান, সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম বাচ্চু, জেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী সাইয়েদুল আলম বাবুল প্রমুখ উপস্থিত ছিলেন।

নতুন ঘোষিত তারিখ অনুযায়ী আগামী ২৬ জুন গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১১ লাখ ৩৭ হাজার ৭৩৬।

তফসিল অনুযায়ী নির্বাচন ১৫ মে হওয়ার কথা ছিল। আদালতের নির্দেশে ওই তারিখের নির্বাচন স্থগিত হয়। পরে নিষেধাজ্ঞা উঠে গেলে নির্বাচন কমিশন ২৬ জুন নতুন তারিখ নির্ধারন করে।