উত্ত্যক্তের প্রতিবাদ, যুবককে ছুরি মেরে হত্যা
ময়মনসিংহে উত্ত্যক্তের প্রতিবাদ করায় এক যুবককে ছুরি মেরে হত্যা করা হয়েছে।
নিহত জুলহাস মিয়া (১৮) নগরীর চরকালীবাড়ি মহল্লার বাজিত মিয়ার ছেলে।
এ ঘটনায় জুলহাসের বাবা বাদী হয়ে একটি মামলা করেছেন বলে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ওসি মাহমুদুল ইসলাম জানান।
পরিবারের বরাত দিয়ে ওসি বলেন, পয়লা বৈশাখের দিন চরকালী বাড়ি মহল্লায় একটি মেয়েকে উত্ত্যক্ত করে একই এলাকার শাহীন, রাব্বি, তরিকুলসহ বেশ কয়েকজন। তখন তার প্রতিবাদ করে জুলহাস।
“এর জেরে শনিবার রাত সাড়ে ৮টার দিকে চরকালী বাড়ি মহল্লায় জুলহাসকে ছুরিকাঘাত করা হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় সকালে তার মৃত্যু হয়।”
মামলায় শাহীন, রাব্বি, তরিকুলসহ ১২ জনকে আসামি করা হয়েছে। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান ওসি।
