বগুড়ায় চার খুনের ঘটনায় মামলা
বগুড়ার শিবগঞ্জে উপজেলায় চার খুনের ঘটনায় মামলা হয়েছে।
শিবগঞ্জ থানার ওসি জাহিদ হাসান জানান, নিহত সাবরুল ইসলামের বাবা আসির উদ্দিন মঙ্গলবার রাতে অজ্ঞাত পরিচয় কয়েকজনকে আসামি করে মামলাটি করেন।
সোমবার সকালে শিবগঞ্জ উপজেলার আটমূল ইউনিয়নের ডাবুইর গ্রামের পাশে একটি ধানক্ষেত থেকে চারজনের গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ।
নিহতরা হলেন- ঘটনাস্থল থেকে তিন কিলোমিটার দূরের কাঠগাড়া চকপাড়া গ্রামের আছির উদ্দিনের ছেলে সাহাবুল ইসলাম সাবুল (৩০), ওই গ্রামের জহিরুল ইসলামের ছেলে জাকারিয়া (৩২), পাশের জয়পুরহাট জেলার কালাই উপজেলার পাঁচপাইকা চেয়ারম্যানপাড়ার আজার মণ্ডলের ছেলে হেলাল (২৯) ও নান্দাইল গ্রামের সামসুদ্দিনের ছেলে খবির উদ্দিন (৩৫)।
লাশ উদ্ধারের সময় নিহতদের প্যান্টের পকেট ও লুঙ্গির কোনায় মোড়ানো ইয়াবা সেবনের সরঞ্জাম ও বেশ কিছু গাঁজার পুরিয়া পাওয়া যায়। চারজনেরই স্বজনরা বলেছেন, নিহতরা মাদকাক্ত ছিলেন।
এদিকে পুলিশ চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের জট খুলতে না পারলেও স্বজন ও স্থানীয় জনপ্রতিনিধিরা ধারণা করছেন, মাদক কেনাবেচার দ্বন্দ্ব থেকে এ হত্যাকাণ্ড ঘটেছে।
মামলার বরাতে ওসি জাহিদ বলেন, সাবরুলকে খুঁজে না পেয়ে তার বাবা বিভিন্ন স্থানে খোঁজাখঁজি করেন। কিন্তু তার কোনো হদিস মেলেনি। পরে খবর পেয়ে ডাবইর গ্রামের পাশে ধানক্ষেতে গিয়ে ছেলের লাশ শনাক্ত করেন তিনি।
এদিকে এ হত্যাকাণ্ডের ঘটনায় আটক ছয়জনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে এখনও কোনো তথ্য পাওয়া যায়নি বলে বগুড়া গোয়েন্দা পুলিশের ইসপেক্টর আসলাম আলী জানান।
