২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় ধানক্ষেতে চারজনের গলাকাটা লাশ

বগুড়ায় শিবগঞ্জ উপজেলায় একটি ধানক্ষেত থেকে চার ব্যক্তির হাত বাঁধা গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 May 2018, 12:10 PM

Updated : 11 Oct 2022, 12:19 PM

শিবগঞ্জ থানার ওসি সাহিদ মাহমুদ খান জানান, স্থানীয়দের কাছে খবর পেয়ে সোমবার সকালে উপজেলার আটমূল ইউনিয়নের ডাবইর গ্রাম থেকে লাশগুলো উদ্ধার করেন তারা।

নিহতরা হলেন - – ঘটনাস্থল থেকে তিন কিলোমিটার দূরের কাঠগাড়া চকপাড়া গ্রামের আছির উদ্দিনের ছেলে সাহাবুল ইসলাম সাবুল (৩০), ওই গ্রামের জহিরুল ইসলামের ছেলে জাকারিয়া (৩২), পাশের জয়পুরহাট জেলার কালাই উপজেলার পাঁচপাইকা চেয়ারম্যানপাড়ার আজার মণ্ডলের ছেলে হেলাল (২৯) ও নান্দাইল গ্রামের সামসুদ্দিনের ছেলে খবির উদ্দিন (৩৫)।

স্থানীয় আটমূল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোজাফফর হোসেন বলেন, সোমবার সকাল ১০টার দিকে মাহবুব নামে এক ব্যক্তি তাকে চারজনের লাশ পড়ে থাকার কথা জানান। এরপর তিনি পুলিশে খবর দেন।

নিহত সাবুলের ছোট ভাই জান্নাতুল ফেরদৌস বলেন, রোববার সকালে তার ভাই বাড়ি থেকে বের হয়। রাত ৯টার দিকে সে বাসায় ফোন করে কিছুক্ষণের মধ্যে বাড়ি ফেরার কথা জানালেও এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না।

ডাবইর গ্রামের জালাল উদ্দিন বলেন, নিহতদের প্রত্যেকের গলা ছিল কাটা; হাত পিছমোড়া করে বাঁধা। তাদের পরনে গেঞ্জি, শার্ট ও প্যান্ট ছিল।

এদিকে একসঙ্গে চারজনের লাশ পাওয়ার খবরে শিবগঞ্জ উপজেলাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। লাশ দেখার জন্য দূর-দূরান্ত থেকে শত শত মানুষ ঘটনাস্থলে ছুটে যায়। পুরুষদের পাশাপাশি নারীরাও জমির আইল ধরে প্রায় আধা কিলোমিটার কাদা-পানি মাড়িয়ে লাশ দেখতে ভিড় করে।

বিকেলে লাশগুলো শিবগঞ্জ থানায় আনার পর সেখানেও লোকজনকে জমা হয়। এ পরিস্থিতিতে ঘটনাস্থলসহ আশপাশের এলাকায় পুলিশ মোতায়েন করা হয়।

দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করে বগুড়ার পুলিশ সুপার আশরাফ আলী ভূঁইয়া সাংবাদিকদের বলেন, এ হত্যাকাণ্ডে জড়িতদের খুঁজে বের করতে ইতোমধ্যে অভিযান শুরু করেছে পুলিশ।

পাশাপাশি ওই চারজনকে অন্য কোথাও হত্যা করে ওই ক্ষেতে লাশ ফেলে যাওয়া হয়েছে কি না তাও খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

তবে সন্ধ্যা পর্যন্ত পুলিশ কোনো ক্লু খুঁজে পায়নি।

তবে চেয়ারম্যান মোজাফফর হোসেন বলেন, “মাদক নিয়ে ঝামেলার কারণে চারজনকে হত্যা করা হয়ে থাকতে পারে।”

পুলিশ ঘটনাস্থল থেকে ইয়াবা সেবনের সরঞ্জামাদি ও বেশ কিছু গাঁজার পুরিয়া উদ্ধার করেছে। সেগুলো নিহতদের পরনের কাপড়ের ভেতর ছিল। নিহত সাবুল ও জাকারিয়া ইয়াবাসেবী ছিলেন বলে স্বজনরা জানিয়েছেন। তবে হেলালের সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি।

শিবগঞ্জ থানার পরিদর্শক জাহিদ হাসান জানান, ১৫ থেকে ২০ ফুট দূরে দূরে লাশগুলো পড়ে ছিল। তিনটি লাশ পৃথক তিনটি জমিতে আর একটি জমির আইলের ওপর পড়ে ছিল। রাতে বৃষ্টি হওয়ায় ধানক্ষেতে পানি জমে। একটি লাশের পরনে কোনো কাপড় ছিল না। বাকি তিনটির মধ্যে একটির পরনে প্যান্ট এবং দুজন লুঙ্গি পড়া ছিল।

তিনি বলেন, প্রতিটি লাশের হাত বাঁধা ছিল। যাদের পরনে কাপড় ছিল তাদের কাপড়ের ভেতর থেকে ইয়াবা সেবনের সরঞ্জামাদি ও বেশ কিছু গাঁজার পুরিয়া পাওয়া গেছে। এছাড়া ঘটনাস্থলে পাউরুটি ও কিছু পিঁয়াজুও পাওয়া গেছে।

মোকামতলা পুলিশ তদন্তকেন্দ্রের এসআই মিজানুর রহমান বলেন, ঘটনাস্থলে ছোট ছোট কাগজের অনেকগুলো টুকরা ও দুটি পাসপোর্ট সাইজের ছবি পাওয়া গেছে। কাগজের টুকরাগুলোয় একাধিক ব্যক্তির নাম ও তাদের মোবাইল ফোন নম্বর লেখা রয়েছে।

চারজনের লাশ ময়নাতদন্তের জন্য বগুড়ার শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।