বগুড়ায় চার খুন: আটক ৬
বগুড়ায় চার খুনের ঘটনায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য ছয়জনকে আটক করেছে; তবে হত্যার পেছনের কোনো ঘটনা বা খুনি শনাক্ত করতে পারেনি।
স্থানীয় জনপ্রতিনিধি ও স্বজনরা বলছেন, নিহতরা সবাই মাদকবেসী ছিলেন। নিহত অন্তত দুইজনের মধ্যে সুসম্পর্ক থাকলেও সম্প্রতি তাদের মধ্যে দ্বন্দ্ব দেখা দিয়েছিল।
শিবগঞ্জ থানার পরিদর্শক জাহিদ হাসান বলেন, “আমরা অনেক তথ্য যাচাই-বাছাই করছি। জিজ্ঞাসাবাদের জন্য ছয়জনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। এখনও বলার মত কোনো তথ্য পাওয়া যায়নি । তদন্তের স্বার্থে এখনই তাদের নাম বলা যাচ্ছে না।”
সোমবার সকালে শিবগঞ্জ উপজেলার আটমূল ইউনিয়নের ডাবুইর গ্রামের পাশে ধানক্ষেতে চারজনের গলা কাটা লাশ মেলে। নিহত চারজনের বাড়ি ঘটনাস্থল থেকে দুই-তিন কিলোমিটার দূরের চারটি গ্রামে। দুইজনের বাড়ি শিবগঞ্জ উপজেলায় হলেও অন্য দুইজনের বাড়ি পাশের জেলা জয়পুরহাটের কালাই উপজেলায়।
পুলিশ চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের কোনো ক্লু খুঁজে না পেলেও স্বজন ও স্থানীয় জনপ্রতিনিধিরা ধারণা করছেন, মাদক সেবন ও কেনাবেচার ঘটনাকে কেন্দ্র করে সৃষ্ট দ্বন্দ্ব থেকে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে।
স্থানীয় আটমূল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোজাফফর হোসেন বলেন, “মাদক নিয়ে ঝামেলার কারণে চারজনকে হত্যা করা হয়ে থাকতে পারে।”
পুলিশের এক কর্মকর্তা নাম জানিয়ে বলেন, লাশ উদ্ধারের সময় নিহতদের প্যান্টের পকেট ও লুঙ্গির কোনায় মোড়ানো ইয়াবা সেবনের সরঞ্জাম ও বেশ কিছু গাঁজার পুরিয়া পাওয়া যায়।
চারজনেরই স্বজনরা বলেছেন, নিহতরা মাদকাক্ত ছিলেন।
নিহত জাকারিয়ার মা জাহানারা বেগম এলাকাবাসীর বরাতে বলেন, জাকারিয়া বাকিতে ইয়াবা কিনেছিলেন। টাকা দিতে না পারায় তিন দিন আগে শাহীন ও আলাল নামে স্থানীয় দুই মাদক বিক্রেতা জাকারিয়ার কাছ থেকে মোবাইল ফোন কেড়ে নেন। এ নিয়ে তাদের মধ্যে দ্বন্দ্ব হয়।
নিহত খবির উদ্দিনের বড় বোন মেরিনা খাতুন বলেন, তার ভাই মাদকাসক্ত ছিলেন।
“খবিরের মাদকাসক্তি এতটাই চরমে পৌঁছেছিল যে সে তার স্ত্রীকে প্রতিদিন নির্যাতন করত। তার স্ত্রী নির্যাতন সইতে না পেরে কিছুদিন আগে চলে গেছে।”
জয়পুরহাটের কালাই উপজেলার পুনট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল কুদ্দুস ফকির বলেন, “মাদকসেবনের অভিযোগে পুলিশ হেলালকে একাধিকবার গ্রেপ্তার করেছিল।”
সাবুলের মা সাহেরা বানু বলেছেন, তার ছেলে মাদকাসক্ত ছিলেন।
এলাকাবাসী জানান, ঘটনাস্থলের কাছে ‘ভাইয়ের পুকুর বাজার’ মাদকের হাট বলে পরিচিত। সন্ধ্যার পর সেখানে আশপাশের মাদকসেবীরা জড় হয়।
চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ডের ঘটনায় এখনও মামলাও হয়নি। নিহতদের লাশ ময়নাতদন্ত শেষ হলেও পরিবারের কাছে হস্তান্তর করেনি পুলিশ।
