রাজশাহীতে নিখোঁজ শিশুর লাশ মিলল বাড়ির আঙ্গিনায়
রাজশাহীর গোদাগাড়ী উপজেলায়তিন বছর বয়সী নিখোঁজ এক শিশুর লাশ বাড়ির আঙ্গিনা থেকে উদ্ধার করেছে পুলিশ।
নিহত তামিম উপজেলার মাটিকাটা রেলগেট বাইপাস এলাকার রাসেলের ছেলে।
শুক্রবার ভোর ৩টার দিকে তার বাড়ির আঙ্গিনার একটি খড়ের মাচা থেকে লাশটি উদ্ধার করা হয় বলে গোদাগাড়ী থানার পরিদর্শক (তদন্ত) আলতাফ হোসেন জানান।
তামিমের বাবা রাসেল বলেন, বৃহস্পতিবার সকাল ১০টার দিকে খেলার জন্য বাড়ি থেকে বের হয় তামিম। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। সেদিন বিকেলে তার খোঁজে এলাকায় মাইকিংও করা হয়।
শুক্রবার ভোর ৩টার দিকে তার বোন রুবিনা খাতুন বাড়ির আঙ্গিনায় খড়ের মাচার মধ্যে জাল দিয়ে জড়ানো অবস্থায় তামিমের লাশ দেখতে পান বলে জানান রাসেল।
পরিদর্শক আলতাফ বলেন, “তামিমের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। তাকে মাথায় আঘাত করে হত্যার পর লাশ বাড়ির আঙ্গিনায় খড়ির মাচার নিচে লুকিয়ে রাখা হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।’
লাশ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
