কুষ্টিয়ায় গৃহবধূকে চুল কেটে নির্যাতনের অভিযোগ
কুষ্টিয়ায় যৌতুক না দেওয়ায় গৃহবধূকে চুল কেটে নির্যাতনের অভিযোগ উঠেছে।
সদর থানার ওসি নাসির উদ্দীন জানান, খবর পেয়ে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি করায়।
আহত শাপলা খাতুন (২৭) সদর উপজেলার মঙ্গলবাড়িয়া গ্রামের সোহেল রানার স্ত্রী।
চিকিৎসাধীন শাপলা অভিযোগ করেন, “বাবার বাড়ি থেকে দেড় লাখ টাকা এনে দিতে ব্যর্থ হওয়ায় প্রায়ই সোহেল নির্যাতন করে। সন্তান থাকায় মুখ বুজে সয়ে যাচ্ছিলাম। কিন্তু তার নির্যাতনের মাত্রা বাড়তেই থাকে।
“সোমবার রাতে সোহেল বাড়িতে পরিবারের অন্য সদস্যদের সামনেই বেধড়ক মারধর করলেও কেউ এগিয়ে আসেনি। পরে মাথার চুল কেটে ফেলে।”
নির্যাতনে শাপলা জ্ঞান হারান বলে তার বাবা সাইফুল মৃধার অভিযোগ।
তিনি বলেন, “খবর পেয়ে আমরা গিয়ে এলাকার মেম্বর ও পুলিশের সাহায্যে মেয়েকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাই।”
তিন বছর আগে বিয়ের সময় ৫০ হাজার যৌতুক দিলেও পরে আরও দেড় লাখ টাকা যৌতুক দিতে না পারায় শাপলাকে নির্যাতন করা হয়েছে বলে তার অভিযোগ।
হাসপাতালের চিকিৎসক তাপস কুমার সরকার বলেন, “তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। মাথার চুল কাটার আলামত আছে। তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।”
এ ঘটনায় নারী ও শিশুনির্যাতন দমন আইনের যৌতুক নিরোধ ধারায় মামলা হয়েছে বলে ওসি নাসির উদ্দীন জানান।
