২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাদুল্লাপুরে সর্বহারা পরিচয়ে চাঁদা চেয়ে হুমকি

গাইবান্ধার সাদুল্লাপুরে সর্বহারা পার্টির পরিচয়ে একাধিক ব্যবসায়ীর কাছ থেকে চাঁদা দাবি করে প্রাণনাশের হুমকি দেয়া হয়েছে।

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Apr 2018, 12:14 AM

Updated : 19 Aug 2022, 01:57 PM

ঢাকায় সাদুল্লাপুরের ব্যবসায়ী শামছুজ্জোহা প্রামানিক রাঙ্গা, নাজমুল হোসেন, সাদুল্লাপুরের স্থানীয় ব্যবসায়ী সাজা প্রামানিক ও বকু খন্দকারের মোবাইল ফোনে সোমবার এই হুমকি দেওয়া হয়।

এ ঘটনায় শামছুজ্জোহা প্রামানিক রাঙ্গা সাদুল্লাপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।

উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শামছুজ্জোহা প্রামানিক রাঙ্গা বলেন, সর্বহারা পার্টি-লাল পতাকা পরিচয়ে বিপ্লব বড়ুয়া নামে এক ব্যক্তি মোবাইল ফোন (০১৯০২৯৫০২২৬) থেকে তার ব্যক্তিগত মোবাইলে ফোন করেন। তিনি তার কাছে জন্য চাঁদা দাবি করেন।

“চাঁদা না দিলে ওই ব্যক্তি আমাকে ও আমার পরিবারের সদস্যদের গুম ও হত্যা করার হুমকি দেন। একই সঙ্গে বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে না জানাতেও হুঁশিয়ারি দেন।”

একই নম্বর থেকে ব্যবসায়ী নাজমুল হোসেন, সাজা প্রামানিক ও বকু খন্দকারকেও ফোন করে চাঁদা দাবি করেন বলে তারা জানান।

এছাড়া মঙ্গলবারও সাদুল্লাপুর গার্লস কলেজের লাইব্রেরিয়ান হাসিবুল ইসলাম সেলিমকে ফোন করে চাঁদা দাবি করে।

এর আগে গত মার্চ মাসে একই কায়দায় মোবাইল ফোনে  উপজেলার ঘেঘারবাজারের বিসিআই অনুমোদিত সার ডিলার রফিকুল ইসলাম, সাদুল্লাপুর সদরের বিসিআই অনুমোদিত সার ডিলার জিল্লুর রহমান রাজু ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর হিসাবরক্ষক হেছাব উদ্দিনকে মোবাইল ফোনে পূর্ব বাংলা সর্বহারা পরিচয়ে চাঁদা দাবি করা হয়েছিল।

সে সময় রফিকুল ইসলাম থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

শামছুজ্জোহা প্রামানিক রাঙ্গা অভিযোগ করেন, পুলিশ এ নিয়ে পদক্ষেপ না নেওয়ায় ফোন করে চাঁদাবাজি অব্যাহত রেখেছে পূর্ব বাংলা সর্বহারা নামে একটি গ্রুপ। এতে জনমনে আতংক সৃষ্টি হচ্ছে।

সাদুল্লাপুর থানার ওসি মো. বোরহান উদ্দিন বলেন, “বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে তদন্ত করে দেখছি। খুব দ্রুত ঘটনার রহস্য উদ্ঘাটন করা হবে।”