২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুন্দরবনে ডুবে যাওয়া জাহাজের কয়লা তোলা শুরু

সুন্দরবনের হাড়বাড়িয়ায় পৌনে ৮০০ মেট্রিক টন কয়লা নিয়ে ডুবে যাওয়ার আটদিন পর লাইটার জাহাজটির উদ্ধার কাজ শুরু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2018, 08:35 PM

Updated : 11 Oct 2022, 12:17 PM

পুরনো খবর:

সুন্দরবনে ‘এমভি বিলাস’ উদ্ধারের অপেক্ষা
সুন্দরবনে কয়লার জাহাজডুবি: উদ্ধার কাজ শুরু হয়নি
সুন্দরবনে কয়লা বোঝাই জাহাজডুবির ঘটনা তদন্তে কমিটি

শনিবার সকাল থেকে এই কাজ শুরু হয়েছে বলে কয়লা আমদানিকারক প্রতিষ্ঠান মেসার্স সাহারা এন্টারপ্রাইজের ব্যবস্থাপক (অপারেশন) মো. লালন হাওলাদার জানান।

জাহাজটি উদ্ধারের জন্য প্রথমে ভেতরের কয়লা তোলা হবে বলে জানান তিনি।

গত ১৪ এপ্রিল রাতে মোংলা সমুদ্রবন্দরের পশুর চ্যানেলের হাড়বাড়িয়ার ৫ নম্বর অ্যাংকরের কাছে ডুবো চরে আটকে জাহাজটি ডুবে যায়। সুন্দরবনের মধ্য দিয়ে প্রবাহিত পশুর নদে জাহাজডুবির ঘটনায় উদ্বিগ্ন হয়ে পড়ে বন বিভাগ ও পরিবেশ সংগঠনগুলো।

লাইবেরিয়ার পতাকাবাহী এমভি অবজারভেটর থেকে ৭৭৫ মেট্রিক টন কয়লা নিয়ে ঢাকার মিরপুরে যাওয়া এমভি বিলাস নামে লাইটার জাহাজটি ডুবে যায়। ওই কয়লা ইন্দোনেশিয়া থেকে আমদানি করা।

ঘটনার পর জাহজটি উদ্ধারে কয়লার আমদানিকারক ও জাহাজের মালিক পক্ষকে ১৫ দিন সময় বেঁধে দিয়ে চিঠি দেয় মোংলা বন্দর কর্তৃপক্ষ।

লালন হাওলাদার বলেন, শনিবার সকালে ভাটার সময় থেকে পুরো দমে কয়লা তোলার কাজ শুরু হয়েছে। ‘হোসেন স্যালভেজ’ নামের একটি প্রতিষ্ঠান এই কাজ করছে।

পানির চাপ বেশি থাকায় জোয়ারের সময় উদ্ধার কাজ চালাতে বেগ পেতে হচ্ছে জানিয়ে তিনি বলেন,

ডুবে থাকা জাহাজের ভেতর থেকে ড্রেজারের মতো বিশেষ যন্ত্র ও পাইপের সাহায্যে কয়লা তুলে বলগেটে রাখা হবে।

“কয়লা তুলে জাহাজটি হালকা করে দুইপাশে দুইটি খালি বলগেট রেখে লোহার বিশেষ রশির সাহায্যে টেনে তোলা হবে।”

উদ্ধারকারী প্রতিষ্ঠান হোসেন স্যালভেজের স্বত্ত্বাধিকারী মো. সোহরাব হোসেন বলেন, “সকালে ভাটার সময় থেকে কয়লা উত্তোলন শুরু হয়েছে। এ কাজে আমার প্রতিষ্ঠানের ১১ জন ডুবুরি এবং ২০ জন শ্রমিক নিয়োজিত রয়েছে।”

সাত থেকে ১০ দিনের মধ্যে জাহাজের সব কয়লা তোলা সম্ভব হবে বলে আশা করছেন তিনি।

সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মো. শাহিন কবির বলেন, “জাহাজের মালিক পক্ষের ভাড়া করা প্রতিষ্ঠানের লোকজন কয়লা তোলার কাজ শুরু করেছে। কয়লা তোলা শেষে জাহাজটি উদ্ধার কাজ শুরু হবে বলে তারা জানিয়েছে।”