২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেকের বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগ শুনানি

খুলনা সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী তালুকদার আব্দুল খালেকের বিরুদ্ধে হলফনামায় তথ্য গোপনের অভিযোগের শুনানি হয়েছে।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Apr 2018, 07:58 PM

Updated : 08 Apr 2022, 06:15 PM

বৃহস্পতিবার বিকালে খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে নির্বাচনী আপিল কর্তৃপক্ষের এ শুনানি অনুষ্ঠিত হয়। প্রায় আধাঘণ্টা ধরে চলা শুনানিতে তালুকদার খালেক ও বিএনপি প্রার্থী নজরুল ইসলাম মঞ্জুসহ তাদের আইনজীবীরা উপস্থিত ছিলেন।

তালুকদার খালেকের বিরুদ্ধে হলফনামায় তথ্য গোপনের অভিযোগ এনে গত ১৬ এপ্রিল রির্টানিং কর্মকর্তা ও ১৭ এপ্রিল নির্বাচনী আপিল কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ করেন বিএনপির প্রার্থী মঞ্জু।

হলফনামার বিষয়ে মঞ্জু অভিযোগ করেন, তালুকদার আব্দুল খালেক সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের ভাইস প্রেসিডেন্ট। নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান। ইস্টার্ন পলিমার লিমিটেডের পরিচালক ও সর্বময় নিয়ন্ত্রণকারী। এখান থেকে তিনি নিয়মিত বিপুল পরিমাণ অর্থ আয় করেন। তালুকদার আব্দুল খালেক তার নির্বাচনী হলফনামায় এসব তথ্য গোপন করেছেন।

তিনি ইস্টার্ন পলিমার লিমিটেডের নেওয়া ঋণ তথ্যও হলফনামায় উল্লেখ করেননি এবং দলীয় মনোনয়নপত্রে তার ভোটার নম্বরও উল্লেখ করা হয়নি বলে মঞ্জুর অভিযোগ।

শুনানি শেষে বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়া সাংবাদিকদের বলেন, “দুই পক্ষের কথা শুনেছি। আগামী তিন দিনের মধ্যে মধ্যেই সিদ্ধান্ত জানানো হবে।”

তালুকদার খালেক বলেন, অভিযোগ খণ্ডন করার জন্য যেসব কাগজপত্র চাওয়া হয়েছিল তা তিনি আপিল কর্তৃপক্ষের কাছে জমা দিয়েছেন। শুনানিতে আপিল কর্তৃপক্ষ দুই পক্ষের কথা শুনেছেন, এখন যেকোনো সময় রায় দেবেন।

নজরুল ইসলাম মঞ্জু বলেন, “তিনটি অভিযোগের একটিরও স্বপক্ষে তিনি যথাযথ কাগজপত্র দিতে পারেননি। আশা করছি, আপিল কর্তৃপক্ষ সঠিক ব্যবস্থা গ্রহণ করবে।”

আগামী ১৫ মে সিটি করপোরেশনটিতে ভোটগ্রহণের কথা রয়েছে।

পুরনো খবর:

মঞ্জুর বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগ খালেকের
খালেক কী ব্যবসা করে কোটিপতি হলেন, প্রশ্ন মঞ্জুর
খালেকের বিরুদ্ধে অভিযোগের শুনানি বৃহস্পতিবার
খালেকের বিরুদ্ধে এবার বিধি লংঘনের অভিযোগ