২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সৈয়দপুরে জোড়া খুন: ২ ভাই গ্রেপ্তার

নীলফামারীর সৈয়দপুরে আলোচিত জোড়া খুনের প্রায় পাঁচ মাস পর ওই মামলার আসামি দুই ভাইকে পুলিশ গ্রেপ্তার করেছে।

নীলফামারী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Apr 2018, 10:02 PM

Updated : 19 Aug 2022, 01:55 PM

পরে তারা নীলফামারীর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

বুধবার দুপুরে নীলফামারী পুলিশ সুপার মুহাম্মদ আশরাফ হোসেন নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে একথা জানান।

এ সময় ওই দুই ভাইকে গণমাধ্যম কর্মীদের সামনে হাজির করা হয়।

গ্রেপ্তারকৃত হলেন দিনাজপুর জেলার বোচাগঞ্জ উপজেলার ধনপাড়া গ্রামের কলিমদ্দিনের বড় ছেলে শিবলী সাদিক ওরফে প্রদীপ (৩০) ও  মো. সাগর (২৪)। 

গত সোমবার রাতে ঢাকার ডেমরা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। 

পুলিশ সুপার আশরাফ হোসেন জানান, ২০১৭ সালের ২৯ নভেম্বর সকালে সৈয়দপুর উপজেলার জসিমবাজার দোলাপাড়া গ্রামের চিকিৎসক তৌফিক ইমামের ভাড়াবাড়িতে দিনাজপুরের পার্বতীপুর উপজেলার নতুন বাজারের জ্বালানি তেল ব্যবসায়ী মামুন-উর-রশীদ মামুন (৩৫) ও তার কথিত স্ত্রী মিনতারীন সাথিকে (২৩) গলা কেটে হত্যা করা হয়।

এসপি জানান, মামুন পাবর্তীপুর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও দিনাজপুর জেলা জ্বালানি তেল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ছিলেন। তিনি নতুন বাজার এলাকার মৃত মনছুর আলীর ছেলে।

তার কথিত স্ত্রী একই উপজেলার পরাভিটা গ্রামের মহিদুল ইসলামের মেয়ে এবং ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের বিবিএ-এর ছাত্রী। তারা সম্পর্কে মামাত-ফুফাত ভাই-বোন ছিলেন বলে তিনি জানান।

এ ঘটনায় মামুনের বড়ভাই আব্দুর রশিদ বাদী হয়ে ওই রাতেই সৈয়দপুর থানায় একটি মামলা দায়ের করেন।

এসপি বলেন, ওই বছরের ১৩ ডিসেম্বর সৈয়দপুরের পোড়ারহাট তেলিপাড়া গ্রামের মোহাম্মদ আলীর ছেলে নূর মোস্তফা লাবু ওরফে সুমনকে (২৫) গ্রেপ্তার করা হয় এবং খুনের কাজে ব্যবহৃত তিনটি ধারালো অস্ত্র ও খুনের শিকার মামুনের ব্যবহৃত মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।

হত্যার পর আসামিরা ওই মোটরসাইকেলে করে পালিয়ে যায় বলে জানান এসপি আশরাফ হোসেন।

পরে সুমন পুলিশের কাছে স্বীকারোক্তিতে এ হত্যার পরিকল্পনাকারী হিসেবে শিবলী সাদিক ওরফে প্রদীদ ও তার  ছোট ভাই মো. সাগরের নাম বলেন। সুমন বর্তমানে কারাগারে রয়েছেন।

প্রদীপ ও সাগরের বরাত দিয়ে পুলিশ সুপার আশরাফ বলেন, জসিমবাজারেরি ওই বাড়িতে ভাড়া থাকতেন নিহত মামুন-উর-রশীদ মামুনের তেল পাম্পের সাবেক কর্মচারী শিবলী সাদিক ওরফে প্রদীপ ও তার ভাই মো. সাগর।

“মামুন তার কথিত স্ত্রী সাথিকে নিয়ে ওই বাড়িতে এসে মাঝে মধ্যে রাতযাপন করতেন। সে সুবাদে বাড়িভাড়াসহ শিবলী সাদিকের পরিবারের সকল খরচ বহন করতেন মামুন।”

তিনি বলেন, ঘটনার আগের রাতেও মামুন ও সাথি ওই বাড়িতে ছিলেন। সকলে স্ত্রীকে বাসায় রেখে বাজার করতে যান মামুন।

“এ সময় মামুনের কাছে থাকা ত্রিশ লাখ টাকা আত্মসাতের জন্য সুমন, প্রদীপ ও সাগর মিলে সাথিকে জিম্মি করার চেষ্টা করে। তাতে সাথি চিৎকার করলে বালিশ চাপা দেয় এবং পরে গলা কেটে হত্যা করে।”

এসপি আশরাফ বলেন, এরপর মামুন বাসায় ফিরলে তাকেও জিম্মি করে ত্রিশ লাখ টাকা আদায়ের চেষ্টা করে। এতে রাজি না হওয়ায় মামুনকেও এলোপাথাড়ি কুপিয়ে ও গলা কেটে হত্যা করে।

পরে মামুনের মোটরসাইকেল নিয়ে তারা পালিয়ে যায় বলে জানান এসপি।

তিনি জানান, দুপুরে আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি নেওয়ার পর তাদের কারাগারে পাঠানো হয়।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার এবিএম আতিকুর রহমান, অশোক কুমার পাল, সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) আলতাফ হোসেন, সৈয়দপুর থানার পরিদর্শক মো. শাহজাহান পাশা ও জলঢাকা থানার পরিদর্শক মোস্তাফিজার রহমান উপস্থিত ছিলেন।