২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এমপির বাড়িতে ডাকাতি: সন্দেহভাজন যুবক ‘বন্দুকযুদ্ধে’ নিহত

ঠাকুরগাঁওয়ে সাংসদ দবিরুল ইসলামের বাড়িতে ডাকাতির ঘটনায় সন্দেহভাজন এক যুবক পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন।

ঠাকুরগাঁও প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Apr 2018, 02:07 PM

Updated : 19 Aug 2022, 01:50 PM

সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের হাড়িপুকুর এলাকায় সোমবার রাতে গোলাগুলির এ ঘটনা ঘটে বলে ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার ফারহাত আহমেদের ভাষ্য।

মঙ্গলবার দুপুরে নিজের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, নিহতের বয়স আনুমানিক ৩০ বছর। তার নাম পরিচয় এখনও জানতে না পারলেও গত মাসের ওই ডাকাতির ঘটনায় সে জড়িত ছিল বলে তাদের সন্দেহ।

পুলিশ সুপার বলেন, ওই ডাকতিতে জড়িত কয়েকজন জগন্নাথপুর ইউনিয়নের হাড়িপুকুর এলাকায় অবস্থান করছে খবর পেয়ে গোয়েন্দা পুলিশের একটি দল রাতে সেখানে অভিযানে যায়।

“পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা গুলি ছোড়ে। পুলিশও তখন পাল্টা গুলি করে। গোলাগুলির এক পর্যায়ে ডাকাতরা পালিয়ে যায়। পরে সেখানে একজনকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়।”

তাকে উদ্ধার করে ঠাকুরগাঁও সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে পুলিশ সপার জানান।  

তিনি বলেন, সোমবার রাতের গোলাগুলির ঘটনায় ডিবি পলিশের চার সদস্য আহত হয়েছেন। তাদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

ঘটনাস্থল থেকে দুটি রামদা ও একটি হাসুয়া উদ্ধারের কথাও জানিয়েছে পুলিশ। 

গত ১৩ মার্চ ভোরে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার গোয়ালকাড়ী ডাঙ্গীবাজারে জেলা আওয়ামী লীগ সভাপতি সাংসদ দবিরুল ইসলামের বাড়িতে ডাকাতি হয়।

সাংসদের স্ত্রী মোমিনা খাতুন, গৃহপরিচারিকা ও নৈশ প্রহরীদের আগ্নোস্ত্রের মুখে জিম্মি করে তিনতলা ওই বাড়ি থেকে স্বর্ণালঙ্কার এবং টাকা লুটে নিয়ে যায় ডাকাতরা। দবিরুল তার দুই ছেলেকে নিয়ে সে সময় চিকিৎসার জন্য থাইল্যান্ডে ছিলেন।

এ ঘটনায় সাংসদের ছোট ভাই মোহম্মদ আলী বালিয়াডাঙ্গী থানায় অজ্ঞাতপরিচয় ২০ জনের নামে একটি মামলা করেন। পরে তদন্তভার দেওয়া হয় ঠাকুরগাঁও ডিবি পুলিশের হাতে।

দায়িত্ব পাওয়ার পর ডিবি পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে রুবেল ইসলাম (২৫), মামুনুর রশিদ মামুন (৩৩), সাবেদুল সাবেদ (৩৬), মামুনুর রশিদ (৪৭) ও শ্রী কমল (৬০) নামে পাঁচজনকে গ্রেপ্তার করে। তারা ফৌজদারী কার্যবিধির ১৬৪ ধারায় আদালতে জবানবন্দিও দিয়েছেন বলে জানান পুলিশ সুপার।

ডাকাতির ঘটনার পর সাংসদের ভাই মোহাম্মদ আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছিলেন, সিসিটিভির ফুটেজ দেখে তাদের মনে হয়েছে, ১৭ থেকে ২০ জন ডাকাত ওই বাড়ির ভেতরে ঢুকেছিল।

ডাকাতরা পুরো বাড়ি তছনছ করে আলমারি ভেঙে সোনার গয়না ও টাকা নিয়ে গেছে জানালেও লুটের পরিমাণ সম্পর্কে সে সময় কোনো ধারণা দিতে পারেননি তিনি।  

ডাকাতির দশ দিনের মাথায় নীলফামারীর সৈয়দপুরের একটি গয়নার দোকানে অভিযান চালিয়ে ২১ ভরি সোনার গয়না উদ্ধার করে পুলিশ। সে সময় বলা হয়, ওই সোনা এমপি দবিরুলের বাড়ি থেকে লুট হয়েছিল।

ওই দোকানের মালিক ইমরান আলীকেও (৪০) ডিবি পুলিশ সে সময় আটক করে।

পুরনো খবর:

এমপির বাড়িতে ডাকাতি
ঠাকুরগাওয়ের এমপির বাড়িতে ডাকাতির ঘটনায় মামলা
এমপির বাড়ি লুটের সোনা সৈয়দপুরের গয়নার দোকানে