পদ্মা সেতুর কর্মযজ্ঞে রাষ্ট্রপতির একদিন
পদ্মার বুকে সিবোটে চড়ে দৃশ্যমান পদ্মা সেতুর অবকাঠামো দেখেছেন রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ।
সোমবার বিকালে তিনি ঘুরে ঘুরে পদ্মায় সেতুর বিভিন্ন অংশের কাজ দেখেন। এ সময় প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা তাকে নানা বিষয়ে অবহিত করেন।
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনির হোসেন জানান, দুপুরে পদ্মা সেতু নির্মাণের কর্মযজ্ঞ পরিদর্শনে মুন্সীগঞ্জের লৌহজংয়ে আসেন রাষ্ট্রপতি। দুপুর ১টা ৪৭ মিনিটে মাওয়ার পাশে জেলার শ্রীনগর উপজেলার দোগাছিস্থ পদ্মা সেতু প্রকল্পের সার্ভিস এরিয়া-১ এর হেলিপ্যাডে রাষ্ট্রপতির হেলিকপ্টার অবতরণ করে।
রাষ্ট্রপতিকে সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ দলী নেতাকর্মী ও কর্মকর্তারা তাকে অভ্যর্থনা জানান।
এছাড়া সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
ইউএনও মনির হোসেন জানান, সার্ভিস এরিয়ায় বিশেষ কটেজে ওঠেন রাষ্ট্রপতি। এখানেই তাকে পদ্মা সেতুর সর্বশেষ অগ্রগতি নিয়ে ব্রিফিং করা হয়। এখানে মধ্যাহ্ন ভোজ শেষে মুন্সীগঞ্জের কুমারভোগের বিশেষায়িত কনস্ট্রাকশন ইয়ার্ড পরিদর্শন করেন রাষ্ট্রপতি।
এরপর বিকালে সিনোহাইড্রো ঘাট-বি এলাকা থেকে পদ্মার বুকে সিবোটে করে পদ্মা সেতুর জাজিরার প্রান্তের উদ্দেশে রওনা হন রাষ্ট্রপতি। যাত্রাপথে সেতু নির্মাণের কর্মযজ্ঞ দেখেন। জাজিরা প্রান্তে পৌঁছে রাষ্ট্রপতি পদ্মা সেতুর দৃশ্যমান ৪৫০ মিটার অবকাঠামো পরিদর্শন করেন।
এ সময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ও অন্যান্য নেতারা তার সঙ্গে ছিলেন।
মধ্যাহ্ন ভোজে পদ্মার ইলিশ ও আড়িয়ল বিলের কই
ইউএনও জানান, পদ্মা সেতু প্রকল্পের সার্ভিস এরিয়া-১ এ মধ্যাহ্ন ভোজে রাষ্ট্রপতির খাবার তালিকায় ছিল পদ্মার ইলিশ আর আড়িয়ল বিলের কই মাছ।
এছাড়া ছিল ময়মনসিংহের মান্ডা ও কুমিল্লার পুঁটি মাছ।
মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা
ইউএনও বলেন, সন্ধ্যায় এখানে সস্ত্রীক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন। রাষ্ট্রপতি এই সার্ভিস এরিয়ায় রাত্রিযাপন করবেন।
মঙ্গলবার সকালে সেতুতে দায়িত্বরতদের সঙ্গে মতবিনিময় করবেন রাষ্ট্রপতি। মধ্যাহ্ন ভোজ শেষে বেলা ২টা ৪০ মিনিটে রাজধানীর যাওয়ার উদ্দেশে রওনা হবেন বলে জানান ইউএনও।
রাষ্ট্রপতিকে প্রকল্প পরিচালকের ব্রিফিং
রাষ্ট্রপতিকে পদ্মা সেতু নিয়ে ১৫ মিনিটের ব্রিফিং করেন প্রকল্প পরিচালক। তিনি নকশা ও বুকলেট নিয়ে পুরো বিষয়ে রাষ্ট্রপতি সর্বশেষ অবস্থা তুলে ধরেন। রাষ্ট্রপতি প্রকল্প সম্পর্কে বিভিন্ন প্রশ্নও করেন।
শিমুলিয়া-কাঁঠালবাড়ি ফেরি ৬ ঘণ্টা বন্ধ
পদ্মা সেতু নির্মাণ কাজ পরিদর্শনে রাষ্ট্রপতি আব্দুল হামিদের আগমন ঘিরে সোমবার পদ্মার দুপাড়ে উৎসবের আমেজ বিরাজ করে।
রাষ্ট্রপতির নিরাপত্তাজনিত কারণে শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে ৬ ঘণ্টা ফেরিসহ নৌযান চলাচল বন্ধ থাকে।
শিমুলিয়া ঘাটের বিআইডব্লিউটিসির ম্যানেজার (বাণিজ্য) গিয়াসউদ্দিন পাটোয়ারি এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, রাষ্ট্রপতির নিরাপত্তায় দুপুর ১টার দিকে নৌরুটে ফেরিসহ সকল ধরনের নৌযান চলাচল বন্ধের নির্দেশ দেওয়া হয়। সন্ধ্যা ৭টার দিকে নৌরুটে ফেরিসহ নৌযান চলাচল শুরু হয় ৬ ঘণ্টা পর।
তিনি আরও বলেন, সোমবার শিমুলিয়া ঘাটে তেমন কোনো যানবাহনের চাপ ছিল না। রাষ্ট্রপতির নিরাপত্তায় ফেরিসহ নৌযান চলাচল বন্ধ রাখা হলে সে সময় শিমুলিয়া ঘাটে ছোট-বড় দুইশ যানবাহন অবস্থান করে। ফেরিঘাটে ছিল তিনটি ফেরি।
