বগুড়ায় আ.লীগ কর্মীকে কুপিয়ে হত্যা
বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় স্থানীয় এক আওয়ামী লীগ কর্মীকে কুপিয়ে হত্যা করা হয়েছে।
সারিয়াকান্দি থানার ওসি সিরাজুল ইসলাম জানান, উপজেলার হাসনারপাড়া গ্রোয়েন বাঁধের উত্তর পাশে যমুনা নদীর চরে রোববার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত ফজলুল হক (৬২) উপজেলার হাটশেরপুর ইউনিয়নের চর দীঘাপাড়ার কিয়াস উদ্দিনের ছেলে। তিনি আওয়ামী লীগের কর্মী ছিলেন বলে পুলিশ জানিয়েছে।
ওসি সিরাজুল বলেন, স্থানীয় একটি বাজার থেকে হেঁটে বাড়ি ফিরছিলেন ফজলুল।পথে কয়েকজন যুবক তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে চলে যায়।
স্থানীয়রা তাকে উদ্ধার করে সারিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে শারীরিক অবস্থার অবনতি হলে সেখান থেকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাত পৌনে ১০টার দিকে ফজলুলের মৃত্যু হয় বলে জানান ওসি।
তিনি বলেন, “হত্যাকাণ্ডের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। কারো সঙ্গে পূর্ব বিরোধের জেরে তাকে খুন করা হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।”
