শরীয়তপুরে কৃষি কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ
শরীয়তপুরের গোসাইরহাট উপজেলা কৃষি কর্মকর্তার বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম-দুর্নীতির অভিযোগ তুলেছেন চাষিরা।
তবে কৃষি কর্মকর্তা বিধান চন্দ্র রায় অভিযোগ অস্বীকার করেছেন।
উপজেলার ধীপুর গ্রামের আনোয়ার হোসেন মনির অভিযোগ করেন, বীজ সংরক্ষণের জন্য চাষিদের নির্দিষ্ট ট্যাগযুক্ত ১৪০০ টাকা দামের ড্রাম সরবরাহ করার কথা রয়েছে। কিন্তু কৃষি কর্মকর্তা বিধান চন্দ্র খোলা বাজার থেকে ৩৫০ টাকা দামের ড্রাম কিনে চাষিদের দিয়েছেন।
“পরে পুলিশ ওই ড্রাম জব্দ করে থানায় নিয়ে যায়। এ নিয়ে চাষিদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে। এছাড়া তথ্যপ্রযুক্তি সম্পর্কে প্রচারণা, মাঠ দিবসের প্রদর্শনী, সবুজ সার উৎপাদনের জন্য বরাদ্দ থাকলেও কৃষিকর্মকর্তা তা আত্মসাৎ করেছেন।”
কোদালপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. মিজানুর রহমান সরদার বিভিন্ন জনের কাছে অভিযোগ পেয়েছেন বলে জানান।
তিনি বলেন, “চাষিরা কৃষি অফিস থেকে কোনো সুবিধা পায়নি এমন অভিযোগ ওঠার পর গোসাইরহাট উপজেলা পরিষদে সমন্বয় সভায় আলোচনা হয়েছে।”
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আর এম সেলিম শাহনেওয়াজ এই কৃষিকর্মকর্তার বিরুদ্ধে নানা রকম দুর্নীতির অভিযোগ পেয়েছেন বলে জানান।
তিনি বলেন, “শুনেছি কৃষি কর্মকর্তা রীতিমত অফিসে আসেন না। তাছাড়া তার বিরুদ্ধে নানা রকম দুর্নীতির অভিযোগ হয়েছে। সমন্বয় সভায় এ নিয়ে আলোচনাও হয়েছে।”
বিধান চন্দ্রের বিরুদ্ধে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালকের কাছে লিখিত অভিযোগ করেছেন বলে জানালেন সেলিম মিয়া বাবুল মৃধা নামে এক কৃষক।
এ বিষয়ে ফরিদপুরের কৃষি বিভাগের প্রশিক্ষণ কর্মকর্তা মিজানুর রহমান বলেন, “অভিযোগ পেয়ে আমি সরেজমিনে তদন্ত করে এসেছি। সপ্তাহ খানেকের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেব।”
তবে কৃষি কর্মকর্তা বিধানচন্দ্র রায় তার বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করেছেন।
তিনি বলেন, “আমি সকল প্রকল্পের কাজ রীতিমত করেছি। কোথাও কোনো টাকা আত্মসাৎ করিনি।”
